পটুয়াখালীর বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আবুয়াল খায়ের মোহাম্মদ শোয়েব বাশরি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ফিরোজ আলম, বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির এবং বিএনপি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল মামুন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের বর্তমান শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার মানোন্নয়ন, শৃঙ্খলা, অবকাঠামোগত সমস্যা এবং সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষক ও অভিভাবকেরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। শিক্ষার্থীরাও তাদের প্রত্যাশা ও প্রয়োজনের বিষয়গুলো জানান।
সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শুধু শিক্ষক বা পরিচালনা কমিটির ভূমিকা যথেষ্ট নয়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে বিদ্যালয়ে সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
নবগঠিত এডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আবুয়াল খায়ের মোহাম্মদ শোয়েব বাশরি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। তিনি বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান।
মতবিনিময় সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত ও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

