সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাত্র চার মিনিটের ব্যবধানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টা ২৬ মিনিটে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা’র বাসভবনের সামনে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটে। এর দুই মিনিট পর গোপালচরণ উচ্চবিদ্যালয়ের সামনে দ্বিতীয় এবং আরও দুই মিনিট পর বিদ্যালয়ের দক্ষিণ পাশের সড়কে তৃতীয় বিস্ফোরণ ঘটে।

পরপর তিনটি বিকট শব্দে পুরো এলাকার মানুষের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে অনেকেই ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসেন। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, বিস্ফোরণের সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে। তবে এ দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে আবু সোলাইমান সরকার সাজা বলেন, ফজরের আজানের কিছু আগে তার বাড়ির সামনে প্রথমে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর বিদ্যালয়ের সামনে এবং দক্ষিণ পাশের সড়কে আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরপর তিনটি বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে ককটেলের খোসাসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পরপর তিনটি বিস্ফোরণের ঘটনায় গোপালচরণ এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন