দেশে করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে নতুন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষার সময় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
সোমবার (১৬ জুন) সকালে দেশের সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিক্ষা কর্মকর্তা ও সিভিল সার্জনদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।
‘অতীব জরুরি’ এই নির্দেশনায় বলা হয়েছে:
১. পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরতে হবে।
২. পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে এবং তার ব্যবহার নিশ্চিত করতে হবে।
৩. ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের ভিতরে এবং আশপাশে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
৪. পরীক্ষা শুরুর আগে মশা নিধনের ওষুধ স্প্রে করতে হবে। এ কাজে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে হবে।
৫. পরীক্ষাকক্ষে আসন বিন্যাস বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী করতে হবে।
৬. প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে। এ বিষয়ে সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।
৭. জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নেওয়ার প্রচার চালাতে হবে এবং অভিভাবকদের ভিড় নিরুৎসাহিত করতে হবে।
আদেশে আরও বলা হয়, শিক্ষক-পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে যাতে পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হয়।
পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিতে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। এদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
২০২৪ সালে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন। সে হিসাবে এবারের পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন।
প্রসঙ্গত, পরীক্ষা শুরুর তারিখ ও বিস্তারিত সময়সূচি আগেই প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই স্বাস্থ্যবিধি নির্দেশনা পরীক্ষাকেন্দ্রে কঠোরভাবে বাস্তবায়নের কথা বলা হয়েছে।

