রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ৪০টি নতুন মামলা দায়ের করা হয়েছে।
রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩১ জন, লালবাগ থেকে ৫৪ জন, ওয়ারী থেকে ৪৭ জন, মতিঝিল থেকে ৪৭ জন, তেজগাঁও থেকে ৬৩ জন, মিরপুর থেকে সর্বোচ্চ ১২৫ জন, গুলশান থেকে ৩৬ জন, উত্তরা থেকে ৫৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) একজনকে আটক করেছে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা, এক হাজার ৬৫৩টি ইয়াবা ট্যাবলেট, ৫০ পুরিয়া হেরোইন এবং ৮৬ বোতল এস্কাফ সিরাপ।
এ ছাড়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি পিকআপ ভ্যান, সাতটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির অভিযোগে ১৭ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়েছে। অভিযানের সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

