নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর দেশীয় ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব আরও পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে মুদ্রানীতি কমিটির (এমপিসি) ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বলা হয়, সার্বিক মূল্যস্ফীতি কমার প্রবণতায় থাকলেও তা ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকারের নির্ধারিত ৭ দশমিক ৫০ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। এ কারণে আপাতত বিদ্যমান নীতি সুদহার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা রয়েছে। এর সঙ্গে দেশে জ্বালানির মূল্যবৃদ্ধি ও নতুন বেতন স্কেল বাস্তবায়িত হলে মূল্যস্ফীতিতে বাড়তি চাপ তৈরি হতে পারে।
এসব পরিস্থিতি জিডিপি প্রবৃদ্ধি ও ভোক্তা মূল্যসূচকভিত্তিক মূল্যস্ফীতিতে কী ধরনের প্রভাব ফেলে, তা পর্যবেক্ষণের পর নীতি সুদহার নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।
গত জুলাইয়ে নীতি সুদহার কমানোর পর এবার তা অপরিবর্তিত রাখা হলো।
সভায় ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরি, বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ড. ফেরদৌসী নাহারসহ এমপিসির সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

