সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, স্থায়ী কমিটির কার্যকারিতা ও প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে আলোচনা
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটি যৌথ প্রতিনিধিদল। বৈঠকে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন, সংসদীয় স্থায়ী কমিটির গঠন ও কার্যকারিতা এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স অ্যাডভাইজার লুইস বেনন (Louise Beynon)।
প্রতিনিধিদলে আরও ছিলেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর রায়ান ডানকানসন (Ryan Duncanson), ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চিফ অব পার্টি আমিনুল এহসান এবং সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর লিপিকা বিশ্বাস।
বৈঠকে বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে সংসদীয় স্থায়ী কমিটিগুলোর গঠন ও কার্যকারিতা বৃদ্ধির বিষয়টি আলোচনায় উঠে আসে।
এ ছাড়া প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ নিয়েও আলোচনা হয়। আইনটির খসড়া নিয়ে সরকার সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশি-বিদেশি অংশীজনের মতামত নিচ্ছে। এর আগে খসড়াটি পর্যালোচনা ও চূড়ান্ত করার লক্ষ্যে মন্ত্রিসভা কমিটিও বিস্তারিত আলোচনা করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী চলতি মাসে আন্তর্জাতিক প্রতিনিধিদলের সঙ্গে আরেক বৈঠকেও জানিয়েছিলেন, প্রস্তাবিত সাইবার আইনের বিষয়ে সরকার দেশি ও আন্তর্জাতিক অংশীজনদের মতামত গ্রহণ করছে। সরকারের বক্তব্য অনুযায়ী, ডিজিটাল নিরাপত্তা জোরদারের পাশাপাশি নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সুরক্ষার বিষয়ও বিবেচনায় রাখা হচ্ছে।
তবে প্রস্তাবিত সংশোধনীর কয়েকটি ধারা নিয়ে গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তি ও নাগরিক সমাজের একাংশ উদ্বেগ জানিয়েছে। বিশেষ করে মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। সরকার বলেছে, খসড়াটি চূড়ান্ত নয় এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে এটি পর্যালোচনা করা হচ্ছে।
বৃহস্পতিবারের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

