শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

উন্নয়নের অধিকার নিশ্চিতে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা চাইল বাংলাদেশ

জলবায়ু ও উন্নয়ন অর্থায়নে সমতা, প্রযুক্তি-এআইয়ে ন্যায্য প্রবেশাধিকার এবং জবাবদিহিমূলক আইনি কাঠামোর প্রস্তাব শামা ওবায়েদের

নিজস্ব প্রতিবেদক

উন্নয়নের অধিকার বাস্তবায়নে সব দেশের সম্মিলিত অঙ্গীকার, দায়িত্ব ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘উন্নয়নের অধিকার’ বিষয়ক উচ্চপর্যায়ের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উচ্চপর্যায়ের সপ্তাহে এ অনুষ্ঠানের আয়োজন করেন। উন্নয়নকে অবিচ্ছেদ্য মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া জাতিসংঘের ‘Declaration on the Right to Development’ গৃহীত হওয়ার ৪০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

বক্তব্যে শামা ওবায়েদ বর্তমান সরকারের জনমুখী উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার কার্ড’ উদ্যোগের কথা উল্লেখ করেন। উন্নয়ন প্রক্রিয়ায় নারী ও তরুণদের অংশীদারত্বের ওপর গুরুত্ব দিয়ে তিনি এমন একটি ‘রেইনবো নেশন’ গড়ার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।

উন্নয়নের অধিকারকে কার্যকর করতে কয়েকটি আন্তর্জাতিক অগ্রাধিকারের কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এর মধ্যে রয়েছে আরও ন্যায়সংগত বৈশ্বিক আর্থিক কাঠামো, পূর্বানুমানযোগ্য ও ন্যায্য উন্নয়ন ও জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সমতাভিত্তিক প্রবেশাধিকার।

একই সঙ্গে উন্নয়নের অধিকারকে শুধু নীতিগত অঙ্গীকারে সীমাবদ্ধ না রেখে জবাবদিহির আওতায় আনতে আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক কাঠামো তৈরির প্রস্তাব দেন তিনি।

শামা ওবায়েদ বলেন, উন্নয়নের অধিকার বাস্তবায়ন কোনো একটি দেশের একক দায়িত্ব নয়; এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে জাতিসংঘের সদস্যরাষ্ট্র ও বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় উন্নয়নের অধিকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন এবং সবার জন্য সমৃদ্ধি নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন