‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’ স্লোগানে নারী নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন তাঁরা।
ঝিনাইদহে ‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’ স্লোগানে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় শহরের পায়রা চত্বরে দিবসটি উপলক্ষে মানববন্ধনের আয়োজন করে ‘দুর্বার নেটওয়ার্ক’ ও ‘নারীপক্ষ’।
নারী ও মানবাধিকার সংগঠন ‘উই’-এর পরিচালক শরিফা খাতুনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন টিআইবির সাবেক জেলা সভাপতি ও অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এন এম শাহজালাল, মানবাধিকারকর্মী তৃপ্তি বিশ্বাস, ময়না খাতুন প্রমুখ।
মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন নিয়ে মানবাধিকার সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনলাইনেও বাড়ছে নারীর প্রতি সহিংসতা
মানববন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু ঘরে বা বাইরে সীমাবদ্ধ নেই; বর্তমানে অনলাইনেও তা বেড়েছে। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

