১৭টি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
চলমান শ্রম অসন্তোষের মধ্যে আজও ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। শ্রমিকদের কর্মবিরতির মুখে অন্তত ১০টি কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় কর্মবিরতি চলছে।
১৭ কারখানায় কর্মবিরতি
সকালে পাঠানো এক ক্ষুদে বার্তায় পুলিশ সুপার জানান, শিল্পাঞ্চলের ১৭টি কারখানায় শ্রমিকরা কার্ড পাঞ্চ করে ভেতরে প্রবেশের পর কর্মবিরতি পালন করছেন। তাঁদের কর্মবিরতির মুখে ১০টি কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে।
তবে অন্যান্য সূত্রের দাবি, কর্মবিরতি পালন করা কারখানার সংখ্যা আরও বেশি।
কিছু এলাকায় পরিস্থিতি স্বাভাবিক
সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার কাঠগড়া বেল্টে অবস্থিত পৃথক দুটি শিল্প গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের এলাকায় এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

