শিক্ষক প্রশিক্ষণের আধুনিকায়ন, সমন্বিত নীতিমালা প্রণয়ন ও শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ওপর গুরুত্ব সংস্থাটির
দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার গুণগত মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং শিক্ষক প্রশিক্ষণের আধুনিকায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো।
সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ।
শিক্ষক প্রশিক্ষণ ও সমন্বিত নীতিমালায় গুরুত্ব
বৈঠকে ড. সুসান ভাইজ বাংলাদেশের শিক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি, সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষকতায় পেশাদারিত্ব উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি সব স্তরের শিক্ষকের জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরি, প্রাক্-চাকরি শিক্ষক প্রশিক্ষণ এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
পাশাপাশি শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, যথাযথ মূল্যায়ন, স্বাস্থ্যশিক্ষা, টেকসই উন্নয়ন এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ বাজেট বরাদ্দের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোকপাত করেন ইউনেস্কো প্রতিনিধি।
‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগে জোর
বৈঠকে দেশের শিক্ষা ইকোসিস্টেমকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল কনটেন্ট ও এডটেক খাতে বেসরকারি খাতের অংশীদারিত্ব বাড়াতে সরকার কাজ করছে।
শিক্ষকদের দক্ষতা ও পাঠদানের মান বাড়াতে সরকারের পক্ষ থেকে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগের পাশাপাশি মাল্টিমিডিয়া ও আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার কাজ চলছে বলেও জানান তিনি।
এর মাধ্যমে উন্নত মানের শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট দেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মাহদী আমিন।
শিক্ষকদের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা
পাঠদানের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের জন্য একটি কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার ওপরও জোর দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
বৈঠকে ইউনেস্কো ঢাকা অফিসের হেড অব এডুকেশন নরিহিদে ফুরাওকা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ দৃঢ় ঐকমত্য পোষণ করে।

