শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

খাদ্য সংগ্রহে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা, প্রতি কেজি ধানের দাম ৩৫ টাকা নির্ধারণ

ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি কিংবা মধ্যস্বত্বভোগীদের প্রভাব বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, ক্ষুধায় কেউ যাতে কষ্ট না পায় এবং দেশের মানুষ যাতে ভালো থাকে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৪ নভেম্বর) মানিকগঞ্জের সাটুরিয়ায় সারাদেশে অভ্যন্তরীণ আমন সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা

খাদ্যমন্ত্রী বলেন, এ বছর মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এ বছর প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

তিনি বলেন, সংগৃহীত চাল দেশের খাদ্যবান্ধব কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ জরুরি খাদ্যশস্য বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মানসম্মত চাল সংগ্রহের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।

স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনকে ছয় নির্দেশনা

ধান-চাল সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী স্থানীয় প্রশাসনকে ছয়টি নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে ধান-চালের গুণগত মান নিশ্চিত করা, কৃষকদের ন্যায্যমূল্য পরিশোধ এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা।

খাদ্যমন্ত্রী আরও বলেন, দেশে কোনো খাদ্যের অভাব হতে দেওয়া হবে না। এ লক্ষ্যেই পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রাখা হয়েছে।

সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এতে আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জসীম উদ্দিন খান, খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন