জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কাছে এমন মনোভাব জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট; সৌদি যুবরাজ ও তুরস্কের প্রেসিডেন্টও নতুন করে হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন
ইরানের পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে নতুন কোনো উসকানি না এলে দেশটিতে আপাতত সামরিক অভিযান না চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোতে জাতীয় নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টাদের কাছে নিজের এমন মনোভাব জানিয়েছেন তিনি।
বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাতে শনিবার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হামলা ও যুদ্ধ বন্ধ—দুই ধরনের বার্তাই ট্রাম্পের
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইরানে নতুন করে হামলার হুমকি দিয়ে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি সংঘাত বন্ধের ইঙ্গিতও দিয়ে আসছেন ট্রাম্প। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে মিলে শুরু করা অজনপ্রিয় যুদ্ধ কীভাবে শেষ করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তিনি।
সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প তাঁর উপদেষ্টাদের জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে দেশটিতে হামলা না চালানোর বিষয়টি বিবেচনা করতে পারেন।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো আরও জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এবং একাধিক গোয়েন্দা ব্রিফিংয়ের পর ইরানে হামলা আপাতত স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট।
হামলা না চালানোর পরামর্শ সৌদি ও তুরস্কের
মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্রদেশও ট্রাম্পকে পূর্ণমাত্রার যুদ্ধে না ফেরার অনুরোধ জানিয়েছে। তাদের এ অবস্থানের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন তিনি।
একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আরেক ব্যক্তির তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে ইরানে হামলার বিষয়ে তাঁদের মতামত জানতে চান ট্রাম্প। দুই নেতাই নতুন করে হামলা শুরু না করার পরামর্শ দিয়েছেন। তবে এ বিষয়ে ট্রাম্প কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি বলে জানিয়েছে সূত্রগুলো।
আলোচনা সম্পর্কে অবগত আরও দুজন ব্যক্তির ভাষ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর সৌদি যুবরাজকে ট্রাম্প জানিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার পরিকল্পনা করছেন তিনি। তবে যুবরাজ তাঁকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানান। তাঁর যুক্তি ছিল, ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
যুদ্ধ শেষ করার ইঙ্গিত ট্রাম্পের
গত বৃহস্পতিবার ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি চাইলে এখনই যুদ্ধ শেষ করতে পারি। কিন্তু যেসব দেশকে নিরাপত্তা দিতে চাই, তাদের অনুরোধে আমরা একটু দীর্ঘ ও আরও সংযত পথ বেছে নিয়েছি।’
এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষায় সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতির পতনের কারণে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালকের কার্যালয়।

