বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ভাইয়ের বন্ধুর কাছে সহযোগিতা চেয়ে বিপদে কিশোরী, ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

ভাইয়ের বন্ধুর কাছে সহযোগিতা চেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ; আরেক আসামি পলাতক

নড়াইলে ভাইয়ের বন্ধুর কাছে সহযোগিতা চেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলার অপর আসামি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন আল আমিন ওরফে সাব্বির (২২) ও নূর নবী (২৮)। সাব্বির সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের খায়রুল শেখের ছেলে। নূর নবী একই উপজেলার মুলদাইড় গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

যেভাবে ঘটনার সূত্রপাত

মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী ১৮ বছর বয়সী কিশোরী নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা। তার বড় ভাইয়ের সঙ্গে বন্ধুত্বের সূত্রে সাব্বির তাদের বাড়িতে যাতায়াত করতেন। মাঝেমধ্যে তিনি ফোন করে কিশোরীর খোঁজখবরও নিতেন।

গত ৪ নভেম্বর বিকালে ভাইয়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হলে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান কিশোরী। নিজের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় তিনি বিষয়টি ফোনে সাব্বিরকে জানান। তখন সাব্বির তাকে নাকশী বাজারে যেতে বলেন।

এজাহারে বলা হয়েছে, নাকশী বাজার থেকে ভ্যানে করে সাব্বির কিশোরীকে মো. বিপ্লবের বাড়িতে নিয়ে যান। পরে রাতে কিশোরীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ছুরি দেখিয়ে হত্যার ভয়ভীতি প্রদর্শন করে তাকে একাধিকবার ধর্ষণ করেন।

চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

মামলার অভিযোগ অনুযায়ী, ওই রাত থেকে ৮ নভেম্বর রাত পর্যন্ত বিভিন্ন বাড়িতে আটকে রেখে সাব্বির, বিপ্লব ও নূর নবী পর্যায়ক্রমে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন।

পরে ৮ নভেম্বর রাত ১টার দিকে পরিবারের সদস্যরা শহরের একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার করেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মঙ্গলবার সদর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

দুইজন গ্রেপ্তার, একজন পলাতক

সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, মামলা হওয়ার দিনই সাব্বিরকে এবং মঙ্গলবার গভীর রাতে নূর নবীকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, নূর নবী বুধবার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অপর আসামি মো. বিপ্লব পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন