চার বছর কারাভোগের পর কুয়ালালামপুরের বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী
দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বাকি সাজা গৃহবন্দি অবস্থায় ভোগ করতে কারাগার থেকে বাসায় ফিরেছেন। মঙ্গলবার রাতে পুলিশের সশস্ত্র পাহারায় একটি এসইউভিতে করে কুয়ালালামপুরের বাসায় পৌঁছান ৭৩ বছর বয়সী নাজিব। এ সময় তাঁর বাসার সামনে বিপুলসংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ তহবিল থেকে শত শত কোটি ডলার আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর চার বছর কারাগারে ছিলেন নাজিব। বাসায় ফেরার মধ্য দিয়ে তাঁর সেই কারাবাসের অবসান ঘটল।
ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে পতন হয় সরকারের
এক দশক আগে ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর নাজিব সরকারের পতন ঘটে। মালয়েশিয়া ছাড়াও গোল্ডম্যান স্যাকস ও হলিউডের প্রভাবশালী ব্যক্তিদের নাম এ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। ঘটনাটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তদন্তকারীদের হিসাব অনুযায়ী, রাষ্ট্রীয় সম্পদ তহবিল ওয়ানএমডিবির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন নাজিব। এ তহবিল থেকে প্রায় ৪৫০ কোটি ডলার (৩৩০ কোটি পাউন্ড) সরিয়ে ব্যক্তিগত হিসাবে নেওয়া হয়েছিল। এর মধ্যে নাজিবের ব্যক্তিগত হিসাবেও অর্থ জমা হয়।
কৌঁসুলিদের দাবি, নাজিবের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন হিসাবে ১০০ কোটি ডলারের বেশি অর্থ জমা হয়েছিল।
তবে নাজিবের আইনজীবীদের দাবি, তাঁর উপদেষ্টারা তাঁকে ভুল বুঝিয়েছিলেন। বিশেষ করে অর্থলগ্নিকারী ঝো লো তাঁকে বিভ্রান্ত করেছিলেন। ঝো লো নিজেকে নির্দোষ দাবি করে আসছেন এবং এখনো পলাতক রয়েছেন।
বাসাটিকে কেন্দ্রীয় কারাগার ঘোষণা
মঙ্গলবার নাজিবের বাসায় ফেরার আগেই রাজধানীর অভিজাত এলাকার ওই বাড়িটিকে কেন্দ্রীয় কারাগার হিসেবে ঘোষণা করা হয়।
তবে তাঁকে কারাগার থেকে বাসায় পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকে। তাঁদের আশঙ্কা, এ সিদ্ধান্ত মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী লড়াইকে দুর্বল করবে। দেশটির আইনে গৃহবন্দি থাকার কোনো বিধান নেই উল্লেখ করে তাঁরা এ সিদ্ধান্তের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন।
১২ বছরের সাজা কমে ছয় বছর
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাজিব। দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও দুটি মামলায় তিনি দোষী সাব্যস্ত হন।
প্রথম মামলায় ২০২০ সালে তাঁকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২২ সালে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে আপিলের মাধ্যমে তাঁর সাজা অর্ধেক কমানো হয়।
গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার রাজা তাঁকে শর্তসাপেক্ষে ক্ষমা করেন। এর ফলে বাকি দুই বছরের সাজা বাসায় থেকে ভোগ করার সুযোগ পান তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার তাঁকে বাসায় স্থানান্তরের কথা ছিল। তবে রাজকীয় আদেশের ব্যাখ্যা চেয়ে অ্যাটর্নি জেনারেল আবেদন করার পর প্রক্রিয়াটি স্থগিত হয়। মঙ্গলবার হাইকোর্ট জানান, গৃহবন্দি থাকার আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
রাজকীয় ক্ষমার শর্তের অংশ হিসেবে নাজিবের দলকে ১ কোটি ২০ লাখ ডলার জরিমানাও দিতে হয়েছে।
দ্বিতীয় মামলায় ১৫ বছরের কারাদণ্ড
ওয়ানএমডিবির সাবেক সহযোগী প্রতিষ্ঠান এসআরসি ইন্টারন্যাশনাল থেকে ৪ কোটি ২০ লাখ মালয়েশীয় রিঙ্গিত (১ কোটি ডলার বা ৭৭ লাখ পাউন্ড) নাজিবের ব্যক্তিগত হিসাবে স্থানান্তরের ঘটনায় ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার ও বিশ্বাসভঙ্গের দায়ে তাঁকে সাজা দেওয়া হয়েছিল।
এদিকে আরও বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের ডিসেম্বরে দ্বিতীয় মামলায় দেওয়া ১৫ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করছেন নাজিব।
ওই মামলায় রাষ্ট্রীয় সম্পদ তহবিল ওয়ানএমডিবি থেকে প্রায় ২৩০ কোটি মালয়েশীয় রিঙ্গিত বা ৫৬ কোটি ৯০ লাখ ডলার আত্মসাতের দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।
গৃহবন্দি থাকার মেয়াদ শেষ হলে দ্বিতীয় মামলার সাজা ভোগ করতে হবে তাঁকে। ২০২৮ সালের আগস্টে তাঁর গৃহবন্দি থাকার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

