বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

১ কোটি ১৩ লাখ টাকার পণ্য জব্দ, চোরাচালানের নতুন কৌশল শনাক্ত

শাহজালাল বিমানবন্দর ও কমলাপুরে দুই দিনের অভিযান; ওষুধ, নিষিদ্ধ ক্রিম, সিগারেট, স্বর্ণালঙ্কার ও ইলেকট্রনিক পণ্য আটক

চোরাচালানের নতুন রুট ও কৌশল শনাক্তের দাবি করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে দুই দিনের অভিযানে ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা বাজারমূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে সংস্থাটি।

মঙ্গলবার ও বুধবার পরিচালিত এসব অভিযানে ভায়াগ্রা ও ইনসুলিনসহ বিপুল পরিমাণ ওষুধ, আমদানি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, ব্যবহৃত মোবাইল ফোন ও মদ জব্দ করা হয়।

সিআইআইডির ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটে সংবেদনশীল ওষুধ আনা এবং বিমানবন্দর থেকে ডাক বাছাই কেন্দ্র হয়ে রেলপথে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে (জিপিও) পণ্য পাঠানোর পরিকল্পনা চোরাচালানের নতুন কৌশল হিসেবে সামনে এসেছে।

ইথিওপিয়া থেকে আসা যাত্রীর ব্যাগে ৫৫ কেজি ওষুধ

বুধবার ইথিওপিয়া থেকে আসা ইথিওপিয়ান এয়ারলাইন্সের যাত্রী জাহাঙ্গীরের ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ আটক করা হয়।

সিআইআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া ভায়াগ্রার অনিয়ন্ত্রিত ব্যবহার এবং ইনসুলিনের মতো তাপমাত্রা-সংবেদনশীল ওষুধ যথাযথ কোল্ড চেইন বজায় না রেখে পরিবহন জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

সিগারেট ও নিষিদ্ধ প্রসাধনী জব্দ

বুধবারের আরেক অভিযানে ব্যাংকক ও মাসকাট থেকে আসা যাত্রী এবং পরিত্যক্ত কার্টন তল্লাশি করে ২৪৩ কার্টন সিগারেট, ৩৮ কেজি প্রসাধনী এবং ১৮ দশমিক ১৮ কেজি ‘গৌরি ক্রিম’ জব্দ করা হয়।

এর আগের দিন মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৭ হাজার ৭৮৭টি আমদানি-নিষিদ্ধ গৌরি ক্রিম এবং ৩১টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়।

সিআইআইডির তথ্য অনুযায়ী, আকাশপথে দেশে আসার পর এসব পণ্য বিমানবন্দরের এয়ারপোর্ট সর্টিং সেন্টার ও কমলাপুরের আরএমএস সেন্টার হয়ে চট্টগ্রাম জিপিওতে পাঠানোর পরিকল্পনা ছিল।

বিমানযাত্রীদের ব্যাগেজেও মিলেছে পণ্য

মঙ্গলবার বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফইসহ বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ২৮৮ কার্টন সিগারেট, ৪৬ কেজি নিষিদ্ধ ক্রিম এবং ১৭ লিটার মদ জব্দ করা হয়।

দুই দিনের অভিযানে জব্দ করা এসব পণ্যের মোট বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে সিআইআইডি। সংস্থাটির দাবি, অভিযানের মাধ্যমে চোরাচালানে ব্যবহৃত নতুন রুট ও পণ্য পরিবহনের কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন