‘অনৈতিক কাজের’ অভিযোগে আটক; সৌদি আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর কার্যকর হলো রায়
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’-এর প্রতিবেদন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম আব্দুল বাছির ও সিথি আক্তার।
আটকের পর তদন্ত ও বিচার
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে আটক করে। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।
মামলাটি সংশ্লিষ্ট আদালতে উঠলে স্থান ও সময়ের পবিত্রতা লঙ্ঘন এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় বিচারক তাদের দোষী সাব্যস্ত করেন। এরপর ‘তা’জির’ বা বিবেচনামূলক শাস্তি হিসেবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
পরবর্তী সময়ে সংশ্লিষ্ট উচ্চতর কর্তৃপক্ষ রায় বহাল রাখে। এরপর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন কিংবা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং ইসলামি আইন কঠোরভাবে প্রয়োগের বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধের চেষ্টা করলে তাকে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।

