রবিবার, ৪ অক্টোবর ২০২৬

এলপিজি বাজারে কৃত্রিম সংকট: ভোগান্তিতে সাধারণ মানুষ

দেশের লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত এলপিজির বাজারে যখন কৃত্রিম সংকটের অভিযোগ ওঠে এবং নির্ধারিত দামের চেয়ে কয়েক শ টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনতে হয়, তখন বিষয়টি শুধু বাজার ব্যবস্থাপনার ব্যর্থতা নয়, ভোক্তা অধিকারেরও প্রশ্ন হয়ে দাঁড়ায়।

বর্তমান পরিস্থিতির সবচেয়ে বিস্ময়কর দিক হলো, একদিকে বলা হচ্ছে দেশে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে, অন্যদিকে ভোক্তাদের চড়া দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকলে বাজারে সংকট তৈরির যৌক্তিক কারণ কী? এ প্রশ্নের উত্তর খুঁজে বের করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এ ক্ষেত্রে পরস্পরবিরোধী বক্তব্যই বেশি শোনা যাচ্ছে। কেউ সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়ী করছে, কেউ ডিলারদের, আবার কেউ একটি অদৃশ্য সিন্ডিকেটের কথা বলছে। এসব দোষারোপের খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ গ্রাহক।

বাংলাদেশের বাজারে বহুবার দেখা গেছে, কোনো পণ্যের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ার আগেই সংকটের গুজব ছড়িয়ে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করা হয়। এলপিজির ক্ষেত্রেও যদি এমন কিছু ঘটে থাকে, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। কারণ, এটি এমন একটি পণ্য, যার বিকল্প অনেক পরিবারের কাছে নেই। ফলে ভোক্তারা বাধ্য হয়েই অতিরিক্ত দাম দিতে বাধ্য হচ্ছেন। এতে সাধারণ মানুষের পারিবারিক ব্যয় বাড়ছে এবং জীবনযাত্রার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

বাজারের এই বাস্তবতায় প্রশ্ন ওঠে, নির্ধারিত মূল্য যদি কার্যকর করা না যায়, তাহলে সেই মূল্য নির্ধারণের বাস্তব উপযোগিতা কোথায়? শুধু দাম নির্ধারণ করেই সরকারের দায়িত্ব শেষ হতে পারে না। নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করা, সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়াও সমান গুরুত্বপূর্ণ।

আরও উদ্বেগের বিষয় হলো, এ ধরনের সংকট নতুন নয়। নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের ক্ষেত্রেই প্রায় একই চিত্র দেখা যায়। বাজারে অস্থিরতা তৈরি হয়, সিন্ডিকেটের অভিযোগ ওঠে, তদন্তের ঘোষণা আসে; কিন্তু ভোক্তারা দ্রুত কোনো স্বস্তি পান না। ফলে মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হয় যে বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

আমরা মনে করি, এলপিজি সংকটের প্রকৃত কারণ দ্রুত চিহ্নিত করা জরুরি। আমদানি, মজুত, পরিবহন, পরিবেশক ও খুচরা বিক্রির প্রতিটি পর্যায়ে নজরদারি জোরদার করতে হবে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আমদানি, মজুত, সরবরাহ ও খুচরা বিক্রির তথ্য জনসমক্ষে প্রকাশের ব্যবস্থা করা যেতে পারে। এতে স্বচ্ছতা বাড়বে এবং বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির সুযোগ কমবে।

সাধারণ মানুষের জ্বালানি-নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই এলপিজির বাজারে স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। ভোক্তাদের আর আশ্বাস নয়, বাস্তব সমাধান দিতে হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন