নওগাঁর আত্রাইয়ে পুলিশের মতবিনিময় সভা
মাদক থেকে দূরে থাকা, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
রোববার (৪ অক্টোবর) নওগাঁর আত্রাই উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব বিষয়ে গুরুত্বারোপ করেন।
মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে আত্রাই থানা পুলিশ এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

আলোচনায় মাদকের শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতি, বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত বিভিন্ন ধরনের সাইবার অপরাধের ঝুঁকি তুলে ধরা হয়।
পুলিশ সুপার শিক্ষার্থীদের অনলাইনে ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। একই সঙ্গে অনলাইন প্রতারণা, হয়রানি ও অন্যান্য সাইবার অপরাধ থেকে নিজেদের সুরক্ষিত রাখা এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর বিষয়ে দিকনির্দেশনা দেন।
মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরে। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং নিরাপদ সমাজ গঠনে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সচেতনতা শুধু নিজেদের সুরক্ষার জন্য নয়, পরিবার ও সমাজে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

