গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)তে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ডিপিডিসির ট্রেনিং সেন্টারে আয়োজিত এ কর্মশালায় ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালকবৃন্দ এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ডিপিডিসির এনওসিএস, মিটারিং ও রিনিউএবল এনার্জি অফিসের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তারা অংশ নেন। এতে নবায়নযোগ্য জ্বালানির বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণে ডিপিডিসির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় বিদ্যুতের চাহিদার বিপরীতে নবায়নযোগ্য জ্বালানির অবদান, অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ ও বিল সমন্বয়ের পদ্ধতি এবং নেট মিটারিং গাইডলাইন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রুফটপ সোলারের ব্যবসায়িক মডেল, সোলার সিস্টেমের নকশা ও রক্ষণাবেক্ষণ এবং অনলাইন নেট মিটারিং (NEM) পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়াকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিস্তার, সৌরবিদ্যুৎ ব্যবস্থার কার্যকর প্রয়োগ এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় এর সম্ভাব্য অবদানসহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়।
কর্মশালায় সংশ্লিষ্টরা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে পরিবেশবান্ধব, আধুনিক ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে ডিপিডিসি কাজ করে যাচ্ছে।

