শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ফাইলে স্বাক্ষরের চাপ, ডিজিএফআইয়ের পিএস পরিচয়দানকারী আটক

রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে নিজেকে ডিজিএফআইয়ের (প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর) পিএস পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করার অভিযোগে মাসুদুর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাকে বনানী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে মাসুদুর রহমান নিজেকে ডিজিএফআইয়ের পিএস পরিচয় দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একজন প্রশাসনিক কর্মকর্তার কাছে একটি ফাইলে স্বাক্ষরের জন্য চাপ প্রয়োগ করছিলেন। একপর্যায়ে বৃহস্পতিবার ওই কর্মকর্তার পিএসকে হুমকি দিয়ে তিনি বলেন, ‘তোমার নামে অনেক রিপোর্ট আছে, তোমাকে দেখে নেব।’

বিষয়টি কর্তব্যরত আনসার সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় ও কর্মকাণ্ড সম্পর্কে জানতে চান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হলে আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে বনানী থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

আনসার সদস্যদের জিজ্ঞাসাবাদ ও তৎপরতার পর ওই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আনসার সূত্রে জানা যায়, পিসি মো. সাহাবউদ্দীনের নেতৃত্বে তাকে আটক ও জিজ্ঞাসাবাদে অংশ নেন এপিসি জালাল উদ্দীন, আনসার মনিরুল ইসলাম ও আনসার শ্রী পূর্ণ রায়।

সংশ্লিষ্টরা বলছেন, আনসার সদস্যদের সময়োপযোগী তৎপরতার কারণে সম্ভাব্য প্রতারণা ও জালিয়াতির ঘটনা প্রতিহত করা সম্ভব হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তায় দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বেরও এটি একটি দৃষ্টান্ত।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধানে বাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। মহাপরিচালকের পরিকল্পনা এবং নিয়মিত সতেজকরণ প্রশিক্ষণের মাধ্যমে অঙ্গীভূত আনসার সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব আরও বৃদ্ধি পেয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন