শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপ ও নিষেধাজ্ঞা সমাধান নয়: চীন

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা নিরসনে সামরিক পদক্ষেপ, নিষেধাজ্ঞা কিংবা চাপ প্রয়োগের পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনা ও সংলাপের পথে ফেরার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে জাতিসংঘের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতার অবস্থান পুনর্ব্যক্ত করেছে বেইজিং।

শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ অবস্থানের কথা জানান।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে লিন বলেন, সামরিক ব্যবস্থা গ্রহণ, নিষেধাজ্ঞা আরোপ ও চাপ প্রয়োগ সমস্যার সমাধানে সহায়ক নয়; বরং বর্তমান পরিস্থিতিতে এসব পদক্ষেপ উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। এমন পরিস্থিতি কোনো পক্ষের স্বার্থেই অনুকূল নয় বলে মন্তব্য করেন তিনি।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিরোধ নিষ্পত্তিতে আলোচনা ও সংলাপের পথ বেছে নেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক উপায়ে বর্তমান সংকটের সমাধানে সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তিনি একে ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ এবং দেশটিকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার ব্যাপক সমন্বিত উদ্যোগ হিসেবে বর্ণনা করেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া বক্তব্যে বেসেন্ট বলেন, ইরানের সঙ্গে অর্থ স্থানান্তর, তেল কেনাবেচা কিংবা সমুদ্রপথে পণ্য পরিবহনে যুক্ত দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র তার সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করবে। এ ক্ষেত্রে ওয়াশিংটন অন্যান্য দেশকে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দেবে বলেও জানান তিনি।

ইরান যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছে।

অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা চীন জানিয়েছে, জাতিসংঘের অনুমোদন ছাড়া আরোপিত ‘অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা’র বিরোধিতা করে বেইজিং।

ইরানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন আবারও রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়ে বলেছে, সংঘাত আরও বাড়ানোর পরিবর্তে সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার টেবিলে ফিরে আসাই সংকট নিরসনের কার্যকর পথ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন