শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

অনলাইনে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন মো. হাবিবুর রহমান ওরফে সাজিদ ওরফে হেদায়েত হুজুর (৪১) এবং মো. রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী ওরফে রাব্বী শরীফ (৩৬)।

পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানায় করা একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করা হয়। অনুসন্ধানে একটি সংঘবদ্ধ চক্রের অনলাইন প্রতারণার তথ্য পাওয়া যায়।

পুলিশের ভাষ্য, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে ইলিশ মাছসহ নানা পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করত। এসব বিজ্ঞাপন দেখে ক্রেতারা যোগাযোগ করলে পণ্য সরবরাহের কথা বলে বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবে টাকা নেওয়া হতো। পরে পণ্য সরবরাহ না করে ওই অর্থ আত্মসাৎ করা হতো বলে অভিযোগ রয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমানের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। ডিবির ওসি মো. মজিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মো. আনছার উল্লাহ ও এসআই মো. জিয়াউল হক জিয়ার সমন্বয়ে গঠিত একটি দল নড়াইলের কালিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযানে অংশ নেয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নড়াইলের কালিয়া থানার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে একই রাতে পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে রকিবুল হাসান নয়নকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা পাঁচটি মোবাইল ফোন, কয়েকটি সিমকার্ড এবং নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা তাদের সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তিসহ পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান অনলাইনে পণ্য কেনার সময় অপরিচিত ব্যক্তি বা ফেসবুক পেজে অগ্রিম অর্থ পাঠানোর আগে পরিচয় ও প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন