ফাঁকা গুলি ছুড়ে সংঘবদ্ধ ডাকাত দলকে তাড়ালেন আনসার সদস্যরা, হামলায় আহত একজন
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে (সিপিজিসিবিএল) সংঘবদ্ধ ডাকাত দলের অনুপ্রবেশ ও হামলার চেষ্টা প্রতিহত করেছে আনসার বাহিনী। সরকারি সম্পদ রক্ষা ও আত্মরক্ষার্থে দায়িত্বরত আনসার সদস্য দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনায় আনসার সদস্য শফিকুল ইসলাম আহত হয়েছেন।
প্রথম দফায় লোহা উদ্ধার, পালায় ডাকাত দল
ঘটনাটি ঘটে আজ মধ্যরাতে। আনুমানিক রাত সোয়া ১২টার দিকে মুগডেইল পোস্ট এলাকায় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল প্রায় ৫০০ কেজি লোহা নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দায়িত্বরত আনসার সদস্য পিন্টু দে ও শফিকুল ইসলাম ধাওয়া দিয়ে মালামাল উদ্ধার করেন।
দ্বিতীয় দফায় সশস্ত্র দলের হামলা
প্রথম ঘটনার প্রায় দুই ঘণ্টা পর, ভোররাত সোয়া ২টার দিকে ২০ থেকে ২৫ জনের আরেকটি সশস্ত্র দল সংঘবদ্ধ হয়ে বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে। তারা কর্তব্যরত আনসার সদস্যদের ওপর রড দিয়ে আকস্মিক হামলা চালায়। এতে শফিকুল ইসলামের হাত কেটে যায়।
পরিস্থিতি বেগতিক হয়ে উঠলে জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় শফিকুল ইসলাম তাঁর শটগান থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
টহল দলের উপস্থিতিতে পালিয়ে যায় ডাকাতরা
একই সঙ্গে স্ট্রাইকিং পোস্টে খবর দেওয়া হলে এপিসি গোলাম জিনদানী এবং আনসার সদস্য আবুল হাশেম ও জীবন দাসের সমন্বয়ে গঠিত টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গুলির শব্দ ও টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া আরও কিছু মালামাল জব্দ করা হয়।
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক, আহত আনসার সদস্য বিশ্রামে
ঘটনার পর বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহত আনসার সদস্য শফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিশ্রামে রাখা হয়েছে।

