অনুসরণ করুন:
সোমবার, ১ জুন ২০২৬

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে সমাধিতে নেতাকর্মীদের ঢল

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। দিনভর সমাধিস্থল এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ এবং হাজারো নেতাকর্মীর উপস্থিতি।

শুক্রবার (৩০ মে) বেলা সোয়া ১১টার দিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রথমে রাষ্ট্রীয়ভাবে এবং পরে দলীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।

তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পরপরই দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর থেকে আগত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে সমাধিস্থলে জড়ো হন। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে সমাধিতে শ্রদ্ধা জানান। ফলে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগমের সৃষ্টি হয়।

পর্যায়ক্রমে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পৃথক ব্যানার ও মিছিল নিয়ে সমাধিস্থলে উপস্থিত হন। অনেককে ফুলের তোড়া হাতে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।

সমাধি প্রাঙ্গণে আগত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশও লক্ষ্য করা যায়। অনেকেই জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। সমাধি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

দিবসটি উপলক্ষে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন রাজধানীসহ সারাদেশে দোয়া মাহফিল, আলোচনা সভা, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানের সময় জিয়াউর রহমান নিহত হন। প্রতিবছর এ দিনটি বিএনপি ‘শাহাদাৎবার্ষিকী’ হিসেবে পালন করে থাকে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন