শুক্রবার, ৮ মে ২০২৬

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর

রাজধানী ঢাকার ইস্কাটন এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।

গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করব এবং তাদের আইনের আওতায় নিয়ে আসব। তারা যে বেআইনি সুবিধাগুলো নিয়েছেন সেই জন্যও তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করাব।”

মন্ত্রী বলেন, অতীতে অনৈতিক ও বেআইনিভাবে অনেক অমুক্তিযোদ্ধাকে বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ন করেছে। তিনি জানান, সরকার এখন এসব অনিয়ম তদন্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

এসময় তিনি অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় তালিকা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “যারা অমুক্তিযোদ্ধা, তারা এখনই স্বেচ্ছায় এই তালিকা থেকে রিজাইন করুন। সেক্ষেত্রে শাস্তির মাত্রা অবশ্যই কমতে পারে। আর আমরা যখন চিহ্নিত করব তখন শাস্তির মাত্রা যত থাকে ততই হবে।”

মন্ত্রী আরও স্পষ্ট করেন, সরকারের এই উদ্যোগে প্রকৃত ও দরিদ্র বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বা সুযোগ-সুবিধা বন্ধ হবে না। বরং প্রকৃত মুক্তিযোদ্ধাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতেই এ কার্যক্রম পরিচালিত হবে।

সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ সরকারের এই অবস্থানকে স্বাগত জানান এবং মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাই প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করার দাবি জানান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন