অনুসরণ করুন:
বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক শুরু করে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পর সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী কার্যক্রম নির্ধারণের অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং নির্বাচন আয়োজনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক চিঠি জাতীয় সংসদের সচিবের কাছে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে পদটি পূরণ করতে হবে।

চিঠিতে আরও বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার (২) ও (৩) উপধারা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা প্রয়োজন। সেই বিধান অনুসারেই স্পিকারের সুবিধাজনক সময় নির্ধারণ করে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সরকারি গেজেটে প্রকাশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রেখেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন