পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বুধবার বিক্রি হচ্ছে আগামী ২৩ মে’র আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট। শতভাগ অনলাইনে বিক্রি হওয়া এসব টিকিট রিফান্ড করা যাবে না এবং একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে সংস্থাটি।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৪ মে’র টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।
রেলওয়ে জানিয়েছে, ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না।
তবে যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
অনলাইনে টিকিট সংগ্রহের জন্য যাত্রীদের প্রথমে Website: eticket.railway.gov.bd-এ প্রবেশ করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর লগইন করে ভ্রমণের তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য ও শ্রেণি নির্বাচন করে টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইনে ভিসা কার্ড, মাস্টারকার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধের পর ই-টিকিট ডাউনলোড করা যাবে এবং ই-মেইলেও টিকিটের কপি পাঠানো হবে।

