শনিবার, ৯ মে ২০২৬

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’

বহুজাতিক আইওএস সাগর ২০২৬ মোতায়েন কার্যক্রমের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ শুক্রবার চট্টগ্রাম বন্দর পৌঁছেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার নৌ সহযোগিতা জোরদারে এ সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বঙ্গোপসাগর পাড়ি দিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বিএনএস আলী হায়দার (এফ১৭) আনুষ্ঠানিকভাবে সেটিকে অভ্যর্থনা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফর দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব এবং ক্রমবর্ধমান নৌ সহযোগিতার প্রতিফলন। সফরকালে ‘আইওএস সাগর’-এর কমান্ডিং অফিসার বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বাংলাদেশ নৌবহরের কমান্ডার এবং ডকইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্টের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়া চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার জাহাজটির সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করবেন। পরে ‘আইওএস সাগর’-এ ডেক রিসেপশন অনুষ্ঠিত হবে, যেখানে দুই দেশের সামরিক কর্মকর্তারা অংশ নেবেন।

সফরের অংশ হিসেবে জাহাজটির কমান্ডিং অফিসার চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সেমেট্রি পরিদর্শন করে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিকস সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

দুই দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক জাহাজ পরিদর্শন, প্রশিক্ষণ ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের কর্মসূচিও রয়েছে। এ ছাড়া নৌ সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফর ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতি এবং ‘মহাসাগর’ উদ্যোগের প্রতিফলন। একই সঙ্গে ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে বাংলাদেশ ও ভারতের অভিন্ন অঙ্গীকারেরও বহিঃপ্রকাশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন