দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ৭০ থেকে ৭৫ নম্বর ওয়ার্ডের মানুষের দুর্ভোগ লাঘবে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। উন্নয়নকাজে বাসিন্দাদের জায়গা ছেড়ে দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানিয়েছেন তিনি।
জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাঁদের প্রত্যাশা ও ভালোবাসার প্রতিদান দিতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৬-এর আওতাধীন ৭৫ নম্বর ওয়ার্ডের গৌড়নগর নাজিমউদ্দিন মার্কেট থেকে ১৬১/৫ নম্বর হোল্ডিং পর্যন্ত নর্দমাসহ সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ছিল ৭০-৭৫ নম্বর ওয়ার্ড
প্রতিমন্ত্রী বলেন, ৭০ থেকে ৭৫ নম্বর ওয়ার্ড আগে ইউনিয়ন ছিল। পরবর্তী সময়ে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়ে ওয়ার্ডে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এসব এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। তাঁদের দুঃখ-দুর্দশা লাঘবে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
এলাকার মানুষের সমস্যা ও দাবিগুলো তুলে ধরে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। জনগণ যে প্রত্যাশা ও ভালোবাসা নিয়ে তাঁদের ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কথাও বলেন প্রতিমন্ত্রী।
ডিএসসিসি প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা
উন্নয়নকাজের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, বিশেষ করে নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে চান তিনি। একই সঙ্গে ডিএসসিসির প্রশাসক আবদুস সালামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, কোনো বিষয়ে তাঁরা প্রশাসককে জানালে তিনি সাড়া দিয়েছেন এবং এলাকায় এসেছেন। এলাকার মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও আন্তরিকতা রয়েছে। সেই আন্তরিকতা থেকেই তিনি উন্নয়নকাজ এগিয়ে নিচ্ছেন।
তিনি আরও বলেন, আবদুস সালাম দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁরা যতবার তাঁকে ডেকেছেন, তিনি কখনো বিরক্তি প্রকাশ করেননি। বরং অনেক সময় তাঁদের বলার আগেই তিনি নিজে থেকে এলাকার উন্নয়নের বিষয়ে খোঁজ নিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, আজকের সড়কের কাজের বিষয়েও প্রশাসক দুই-তিনবার তাঁকে বলেছেন, এলাকার একটি রাস্তার কাজ করতে হবে, কবে যাবেন? এলাকার প্রতি তাঁর এই ভালোবাসা ও আন্তরিকতা তাঁদের মুগ্ধ করেছে।
এলাকার বাকি উন্নয়নকাজগুলো বাস্তবায়িত হলে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলে আশা প্রকাশ করেন হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, প্রশাসক এলাকার মানুষের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছেন। ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
উন্নয়নে জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান
এলাকার রাস্তাঘাট উন্নয়নে বাসিন্দাদের সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে মিলেমিশে চলতে হবে। সিটি করপোরেশন যদি ২০ ফুট প্রশস্ত রাস্তা করতে চায়, তাহলে দুই পাশের বাসিন্দাদেরও জায়গা ছেড়ে দিতে হবে। জায়গা পাওয়া গেলে কাজ করা সহজ হবে। কিন্তু বাসিন্দারা জায়গা না ছাড়লে উন্নয়ন সম্ভব হবে না।
সরকারি খাসজমি দখল না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি খাসজমি জনগণের সম্পদ। উন্নয়নকাজে ব্যবহারের জন্য এলাকাবাসীকে নিজেরাই এসব জমি চিহ্নিত করে দিতে হবে। পাশাপাশি ব্যক্তিগত জমির মধ্য দিয়ে রাস্তা করতে হলেও দুই পাশের মালিকদের জায়গা ছাড়তে হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা জায়গা ছেড়ে দিলে বাকি দায়িত্ব সালাম ভাই নেবেন। কেউ রাস্তা আটকে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত করবেন না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

