গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পর্যালোচনায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের যৌথ কমিটির শেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বরে ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ায় নতুন চুক্তি বা বর্তমান চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে রোববার ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
যৌথ নদী কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৯৬ সালের চুক্তির বাস্তবায়নসংক্রান্ত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এটিই শেষ সভা হওয়ার কথা।
যৌথ নদী কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর সই হওয়া চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য দুই দেশের যৌথ নদী কমিশনের সদস্যদের নেতৃত্বে একটি যৌথ কমিটি গঠন করা হয়।
এ বছর যৌথ কমিটির প্রথম বা ৮৯তম বৈঠক ৮ এপ্রিল ঢাকায় এবং দ্বিতীয় বা ৯০তম বৈঠক ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় রোববার ঢাকায় তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় চুক্তির বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করার কথা জানিয়েছে যৌথ নদী কমিশন।
যৌথ কমিটির বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। আর ভারতীয় দলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।
কমিশন জানায়, ১৯৯৭ সাল থেকে এ যৌথ কমিটি গঙ্গা পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু পয়েন্টে যৌথ পর্যবেক্ষণ দল মোতায়েন, তাদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ-সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন প্রণয়নের কাজ করে আসছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কাজ সম্পাদনের জন্য প্রতিবছর যৌথ কমিটির তিনটি বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি বৈঠক ফারাক্কায় সরেজমিন পরিদর্শন শেষে কলকাতায় এবং অন্যটি হার্ডিঞ্জ সেতু এলাকায় গঙ্গা বা পদ্মা নদী পরিদর্শন শেষে ঢাকায় অনুষ্ঠিত হয়।
গঙ্গার পানি বণ্টনে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি চুক্তি করে। চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়।
৪০ বছরের গড় পানিপ্রবাহের ভিত্তিতে ভারত পানির অংশ পায়। সংকটের সময় বাংলাদেশকে ৩৫ হাজার কিউসেক পানি সরবরাহের নিশ্চয়তার কথাও চুক্তিতে উল্লেখ রয়েছে। চলতি বছরের ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হবে।
ঢাকার পক্ষ থেকে তাগাদা দেওয়া হলেও নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরুর প্রস্তাবে এখনো ভারতের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত সপ্তাহে জানান, নতুন চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি নিতে গত এপ্রিলে অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে বাংলাদেশ।
ওই কর্মকর্তা বলেন, গত জুনে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লিকে আলোচনার প্রস্তাব দেয়। এরপর আগস্টে এ বিষয়ে একটি তাগিদপত্রও পাঠানো হয়। তবে ভারতের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

