ভারতের রাজধানী নয়াদিল্লিতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাই কমিশন। অনুষ্ঠানে দুই দেশের সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্ক ও ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের কথা হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান ও দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সশস্ত্র বাহিনীর ঐতিহ্য ও ভবিষ্যৎ প্রস্তুতি
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সততা, সাহসিকতা ও অঙ্গীকারের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন।
‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে অতীতের গৌরবোজ্জ্বল প্রাতিষ্ঠানিক ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করতে বর্তমান নির্বাচিত সরকারের অঙ্গীকার ও দৃঢ় সংকল্পের কথাও তুলে ধরেন তিনি।
বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সম্পর্ক
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স (ডিজিএমআই) লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত।
তিনি বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। যশপাল সিং বলেন, ‘এ সম্পর্ক পারস্পরিক আস্থা, উপলব্ধি ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে পরিচালিত।’
আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক।

