রবিবার, ২২ নভেম্বর ২০২৬

হামের উপসর্গে একদিনে ৯ মৃত্যু, দুই মাসের মধ্যে সর্বোচ্চ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে চলতি বছর সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ জনে। নিশ্চিত হামে মারা গেছেন আরও ১০৫ জন।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম পরিস্থিতি নিয়ে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে মারা গেছেন ৯ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সব মিলিয়ে গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ জনে। পাশাপাশি নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

নতুন আক্রান্তের সংখ্যা

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। একই সময়ে নতুন সন্দেহজনক রোগী পাওয়া গেছে ১ হাজার ১৬২ জন।

নতুন নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, সিলেটে ১৮ জন এবং চট্টগ্রামে ১৫ জন আক্রান্ত হয়েছেন। সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৫০৩ জন, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছেন।

হাসপাতালে ভর্তি ও সুস্থতার তথ্য

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬ জন।

এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।

বিভাগভিত্তিক মৃত্যুর চিত্র

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।

অন্যদিকে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মারা গেছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন