সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে আনসারের নতুন পরিকল্পনা

দেশের বিভিন্ন জেলায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আনসার ব্যাটালিয়নের আরও সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। নতুন করে সাতক্ষীরা ও ময়মনসিংহে ৪ প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে জনজীবন ও শিল্পকারখানার কার্যক্রমে স্বাভাবিক গতি ফিরতে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় সাত জেলায় আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে দায়িত্ব পালন করছেন ৪৯ প্লাটুন সদস্য। নতুন ৪ প্লাটুন যুক্ত হলে মোট মোতায়েনের সংখ্যা দাঁড়াবে ৫৩ প্লাটুনে।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের স্বাক্ষর করা এসব তথ্য জানানো হয়।

সাত জেলায় ৪৯ প্লাটুন মোতায়েন

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন জেলায় আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪ প্লাটুন করে মোট ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি সাতক্ষীরা ও ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন করে আরও ৪ প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে মোট মোতায়েনের সংখ্যা বেড়ে ৫৩ প্লাটুনে দাঁড়াবে। গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন যুক্ত হওয়ায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা উপস্থিতি আরও সম্প্রসারিত হয়েছে।

গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ফরিদপুরে রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোড; শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও জেলা কারাগার এবং মাদারীপুর জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ এলাকায় সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি জনসাধারণের চলাচলও স্বাভাবিক রয়েছে।

শিল্পাঞ্চলে টহল ও নজরদারি

গাজীপুরের তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাকসহ শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যরা টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগদান এবং উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকলেও কিছু প্রতিষ্ঠানে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

অন্যদিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার সদস্যদের উপস্থিতিতে কয়েকটি এলাকায় শ্রমিকদের কাজে ফেরা, সড়কে যান চলাচল এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়েছে।

সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি এবং দায়িত্ব পালনের অগ্রগতি পর্যালোচনা করছেন। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিরাপত্তা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে।

বিভিন্ন এলাকায় স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনার অগ্রযাত্রায় জননিরাপত্তা, শিল্পকারখানার সচলতা এবং নির্বিঘ্ন জনচলাচল নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের দায়িত্ব পালন অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন