শনিবার, ২১ নভেম্বর ২০২৬

যুদ্ধের দেড় বছর পর ভারতে পাকিস্তানের মন্ত্রী, আলোচনায় এসসিওর সভ্যতা ফোরাম

এসসিওর সভ্যতা সংলাপ ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে মুসাদ্দিক মালিক, দ্বিপক্ষীয় বৈঠকের ঘোষণা নেই

২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রাখলেন পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী। শুক্রবার (২০ নভেম্বর) পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয়বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন।

তিন দিনব্যাপী সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম সভ্যতা বিষয়ক সংলাপ ফোরামে অংশ নিতে তাঁর এ সফর। শুক্রবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মেলনটি উদ্বোধন করার কথা রয়েছে। শনিবার (২১ নভেম্বর) ফোরামে বক্তব্য দেবেন পাকিস্তানের এই মন্ত্রী।

তবে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠকের ঘোষণা দেওয়া হয়নি।

এসসিওর কার্যক্রমের অংশ হিসেবে সফর

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, ‘সাংহাই স্পিরিট’-এর আলোকে সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া এগিয়ে নিতে এসসিওর সক্রিয় সদস্য হিসেবে নিজেদের ভূমিকার অংশ হিসেবেই এ সফরে অংশ নিচ্ছে পাকিস্তান।

এর আগে ২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়া সফর করেছিলেন। তিন বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রী আবার ভারত সফরে গেলেন। দুই দেশের সরকারই বর্তমান সফরকে এসসিওর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তুলে ধরছে।

আগামী বছরের আগস্টে এসসিওর শীর্ষ সম্মেলন আয়োজন করার কথা পাকিস্তানের। এমন পরিস্থিতিতে বহুপক্ষীয় এই ফোরামের মধ্যে সীমিত যোগাযোগ কত দূর এগোতে পারে, তা নিয়ে আলোচনা চলছে। মুসাদ্দিক মালিকের সফর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসলামাবাদ সফরের পথ তৈরি করতে পারে কি না, সেই প্রশ্নও উঠেছে।

কেন মুসাদ্দিক মালিককে পাঠাল পাকিস্তান

ভারতীয় সংবাদমাধ্যমগুলো কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। তবে ভারত বা পাকিস্তান কোনো সরকারই এ তথ্য নিশ্চিত করেনি।

গত ৬ নভেম্বর পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, তারা আমন্ত্রণ পেয়েছে এবং আলোচনা করে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। মুসাদ্দিক মালিককে কেন প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে, সে বিষয়ে ইসলামাবাদ বিস্তারিত কিছু জানায়নি।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সভ্যতাগুলোর মধ্যে সংলাপের গুরুত্ব নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন মুসাদ্দিক মালিক। সম্মেলনের ফাঁকে এসসিওর অন্য সদস্যদেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে।

ইসলামাবাদভিত্তিক ইনস্টিটিউট অব রিজিওনাল স্টাডিজের সভাপতি ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রসচিব জওহর সেলিম বলেন, প্রতিনিধি নির্বাচনের বিষয়টি পাকিস্তানের নিজস্ব সিদ্ধান্ত। এ ধরনের সম্মেলনে কোনো দেশকে কে প্রতিনিধিত্ব করবেন, সে বিষয়ে নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। আমন্ত্রিত দেশ নিজের বিবেচনায় উপযুক্ত ব্যক্তিকে মনোনীত করতে পারে।

পাকিস্তানের সাবেক পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা খুররম দস্তগির খানের মতে, মুসাদ্দিক মালিককে পাঠানোর সিদ্ধান্তটি পরিকল্পিত। তাঁর ভাষ্য, নিজেদের পছন্দের একজন মন্ত্রীকে পাঠিয়ে পাকিস্তান একদিকে এসসিওর সদস্য হিসেবে সম্মেলনে অংশ নিচ্ছে, অন্যদিকে ভারতের নির্ধারিত কাঠামোর অংশ হয়ে যাওয়ার ধারণাও এড়াতে চাইছে।

তিনি আরও বলেন, ২০২৭ সালের শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে পাকিস্তান নিজেকে গঠনমূলক ভূমিকা পালনকারী দেশ হিসেবে তুলে ধরতে চায়। একই সঙ্গে নরেন্দ্র মোদির সম্মেলনে অংশগ্রহণের সম্ভাবনাও উন্মুক্ত রাখতে চায় ইসলামাবাদ।

দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের অবস্থান

এই সফরকে এসসিওর আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায় নয়াদিল্লি।

গত ২৮ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রচলিত রীতি অনুযায়ী এসসিওর সব সদস্যদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। সংলাপের অংশীদার দেশগুলো এবং একজন পর্যবেক্ষককেও আমন্ত্রণ জানানো হয়েছে।

পাকিস্তান বিষয়ে ভারতের নীতিতে পরিবর্তন এসেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পহেলগাম হামলার পর পাকিস্তান বিষয়ে ভারতের যে নীতি রয়েছে, তা এখনো বহাল আছে।

২০২৫ সালের এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। ওই হামলায় বন্দুকধারীদের গুলিতে ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন। এর জেরেই পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।

ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার সালমান বশিরের মতে, এসসিও পারস্পরিক সৌজন্য বজায় রাখার সুযোগ তৈরি করে। তবে এটিকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথ হিসেবে দেখা উচিত নয়।

আগের এসসিও সম্মেলনগুলোতেও হয়েছে যোগাযোগ

২০১৭ সালে ভারত ও পাকিস্তান এসসিওর সদস্য হওয়ার পর থেকে সংস্থাটি দুই দেশের নেতাদের একত্র হওয়ার অন্যতম মঞ্চ হয়ে উঠেছে।

২০২৩ সালে ভারতের গোয়ায় বিলাওয়াল ভুট্টো জারদারির সফর শেষ হয়েছিল দুই দেশের প্রতিনিধিদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে। ওই সফরে তাঁদের মধ্যে আলাদা কোনো দ্বিপক্ষীয় বৈঠক হয়নি।

এরপর ২০২৪ সালের অক্টোবরে এসসিওর সরকারপ্রধানদের সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দুই পক্ষের মধ্যে সৌজন্য বিনিময় হলেও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের এসসিও সমন্বয়ক অলোক দিমরি তিন দিনের সফরে ইসলামাবাদ যান। সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে করমর্দন করেন তিনি। দিমরি তাঁর সফরকে এসসিওর ‘বার্ষিক আবর্তনশীল আনুষ্ঠানিকতা’ বলে বর্ণনা করেন।

তবে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুররম দস্তগির খানের মতে, এ ধরনের যোগাযোগ দুই দেশের সম্পর্কের গতিপথ পরিবর্তনে তেমন ভূমিকা রাখতে পারেনি।

দ্বিপক্ষীয় যোগাযোগ এখনো অচলাবস্থায়

এসসিওর নিয়মিত কার্যক্রমের বাইরে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় সব ধরনের দ্বিপক্ষীয় যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। পহেলগাম হামলার পর ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রেখেছে ভারত।

গত ৩১ আগস্ট নেদারল্যান্ডসের হেগে একটি সালিশি আদালত রায় দেয়, ভারত একতরফাভাবে এ চুক্তি স্থগিত করতে পারে না। তবে নয়াদিল্লি ওই আদালতের এখতিয়ার মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের মে মাসের সংঘাতের পর দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে ‘ট্র্যাক ১.৫’ ও ‘ট্র্যাক ২’ পর্যায়ের বৈঠক, যেখানে সরকারি প্রতিনিধিরা আংশিকভাবে যুক্ত থাকেন অথবা বেসরকারি পর্যায়ে যোগাযোগ হয়।

২০১৯ সাল থেকে দুই দেশের কোনো রাজধানীতেই অপর দেশের হাইকমিশনার দায়িত্ব পালন করছেন না। তবে সরকারি পর্যায়ে সম্পর্ক স্থবির থাকলেও এর বাইরের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

ইসলামাবাদ সম্মেলন ঘিরে সম্ভাবনা

গত ১ সেপ্টেম্বর এসসিওর আবর্তনশীল সভাপতির দায়িত্ব গ্রহণ করে পাকিস্তান। ২০২৭ সালের আগস্টে ইসলামাবাদে সংস্থাটির শীর্ষ সম্মেলন আয়োজন করবে দেশটি। একই মাসে ভারত ও পাকিস্তান স্বাধীনতার ৮০ বছর পূর্তি উদ্‌যাপন করবে।

এসসিওর পরবর্তী শীর্ষ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব কে করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সম্মেলনের তারিখ যত ঘনিয়ে আসবে, ততই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, এসসিওর বৈঠকগুলো দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সীমিত পর্যায়ে যোগাযোগের সুযোগ তৈরি করতে পারে। তবে এ ধরনের যোগাযোগের মাধ্যমে সম্পর্কের বড় কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনই বলা কঠিন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন