১২টি রপ্তানি খাতের ১৬১ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে; ১৩ দেশের ক্রেতা, বিনিয়োগকারী ও সোর্সিং প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২৪০টি স্টলে পণ্য প্রদর্শন
দেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ এক্সপোতে দেশের ১২টি রপ্তানি খাতের ১৬১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ এক্সপোর উদ্বোধন করা হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. খালেদ হোসেন মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, দেশি-বিদেশি বাণিজ্যিক অ্যাসোসিয়েশন ও চেম্বারের নেতৃবৃন্দ এবং প্রদর্শকসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১৩ দেশের ক্রেতা ও বিনিয়োগকারীদের অংশগ্রহণ
এবারের এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, মরক্কো, আলজেরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের ক্রেতা, বিনিয়োগকারী এবং সোর্সিং প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
দেশের ১২টি রপ্তানি খাতের ১৬১টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। খাতগুলোর মধ্যে রয়েছে পোশাক ও বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোম ডেকর, ওষুধশিল্প, আইসিটি, কাগজ ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার।
এ ছাড়া বহুজাতিক কোম্পানি, সাপ্লাই চেইন-সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বিভিন্ন রপ্তানি বাজারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীরাও এতে অংশ নিচ্ছেন।
থাকছে সেমিনার, বি-টু-বি বৈঠক ও ফ্যাশন শো
তিন দিনব্যাপী এ আয়োজনে ২৪০টি স্টলে পণ্য প্রদর্শনের পাশাপাশি চারটি বিশেষ সেমিনার, কারখানা পরিদর্শন, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বি-টু-বি (বিজনেস-টু-বিজনেস) বৈঠক, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোসহ বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে।
আয়োজকদের আশা, এ এক্সপো বাংলাদেশের বৈচিত্র্যময় রপ্তানি খাত ও সম্ভাবনাময় শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবে। একই সঙ্গে দেশের উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হবে।
এর মাধ্যমে রপ্তানিকারকেরা নতুন বাজার অনুসন্ধান, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক চুক্তি, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ পাবেন।

