কোস্ট গার্ডের অভিযানে দুটি আর্টিসানাল ট্রলিং বোট, ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
অভিযানে যা জব্দ হলো
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শুক্রবার রাতে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় ১২ মিটার গভীরতায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’। অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত জাহাজটির সদস্যরা বিশেষ এ অভিযান চালান।
অভিযানে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল, ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার এবং ৩৮ জন জেলেকে আটক করা হয়।
আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
কোস্ট গার্ডের এ কর্মকর্তা জানান, জব্দ করা ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

