বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

টেকনাফ-উখিয়া সীমান্তে ৩০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

বিজিবির পৃথক তিন অভিযানে ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা জব্দ; মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির পর নাফ নদী থেকে উদ্ধার ৮ লাখ ৯০ হাজার পিস

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেলও।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদর দপ্তরের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

নাফ নদীতে অভিযান, উদ্ধার ৮ লাখ ৯০ হাজার ইয়াবা

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (১১ নভেম্বর) রাতে টেকনাফের হ্নীলা, হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে বিজিবি।

এর মধ্যে হ্নীলায় মিয়ানমার থেকে নৌকাযোগে ইয়াবা পাচারের চেষ্টা নস্যাৎ করা হয়। বিজিবি অধিনায়ক জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া সংলগ্ন নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবি। পরে একটি অভিযানিক দল বেড়িবাঁধ এলাকায় কৌশলগতভাবে অ্যামবুশ অবস্থান নেয়।

একপর্যায়ে নৌকা থেকে আনুমানিক ৭ থেকে ৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে নিকটবর্তী কেওড়া বনের ভেতরে অবস্থান নেয়। তারা বেড়িবাঁধ পার হওয়ার সুযোগের অপেক্ষায় ছিল।

এ সময় বিজিবির আরেকটি টহল দল স্পিডবোটে কেওড়া বনের দিকে অগ্রসর হলে মাদক কারবারিরা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালিয়ে সামনে অগ্রসর হয়। বিজিবির প্রতিরোধের মুখে মাদক কারবারিরা ইয়াবাভর্তি বস্তাগুলো পানিতে ভাসমান অবস্থায় ফেলে নৌকাযোগে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ছোট-বড় ১০টি বস্তা থেকে ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।

পালংখালী ও হোয়াইক্যংয়ে আটক দুই যুবক

একই রাতে আনুমানিক সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামে এক যুবককে এক লাখ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি উখিয়া উপজেলার পশ্চিম আঞ্জুমানপাড়া গ্রামের মো. সিদ্দিক ও ফাতেয়া খাতুনের ছেলে।

অন্যদিকে, রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে মো. হোসাইন (২০) নামে আরেক যুবককে আটক করে বিজিবি। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। হোসাইন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব পালাকাটা গ্রামের মো. আলমগীর ও নুরাশা বেগমের ছেলে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশপ্রেম, পেশাদারিত্ব, দক্ষতা ও আধুনিক প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয়ে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

টেকনাফ ও উখিয়া সীমান্তে সক্রিয় মাদক কারবারি ও চোরাচালানকারীদের অবস্থান এবং তাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং তাদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে বলেও জানান বিজিবি অধিনায়ক।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন