ভেটেরান্স ডে অনুষ্ঠানে যুদ্ধের দায় তেহরানের ওপর চাপালেন মার্কিন প্রেসিডেন্ট; অজ্ঞাতনামা সৈনিকের সমাধির সামনে শিষ্টাচার না মানায় সমালোচনার মুখে প্রতিরক্ষামন্ত্রী
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেটেরান্স ডে বা প্রাক্তন সৈনিক দিবস উপলক্ষে ওয়াশিংটনের উপকণ্ঠে আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, এ যুদ্ধ শুরু করেছে ইরান, যুক্তরাষ্ট্র নয়।
এদিকে একই অনুষ্ঠানে অজ্ঞাতনামা সৈনিকের সমাধির সামনে শিষ্টাচারবহির্ভূত আচরণের জন্য প্রকাশ্যেই তিরস্কারের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের যুক্তি
ভেটেরান্স ডে অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমাদের অসাধারণ মার্কিন যোদ্ধাদের সাহস ও দক্ষতা সত্যিই অবিশ্বাস্য।’ তিনি আরও বলেন, ‘এই সংঘাতের অবসান হলে, আর তা শিগগিরই হবে, গোটা বিশ্ব আরও নিরাপদ, উন্নত ও শান্তিপূর্ণ জায়গায় পরিণত হবে। এমন বিপদের আশঙ্কাও থাকবে না, যার মুখে আমাদের পড়তে হয়েছে।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়। পেন্টাগনের সর্বশেষ হিসাব অনুযায়ী, যুদ্ধে এ পর্যন্ত ২৩ মার্কিন সেনা নিহত হয়েছেন এবং কয়েকশ সেনা আহত হয়েছেন।
বুধবারের ভাষণে ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন এ যুদ্ধ শুরু করেনি; বরং তেহরানই এর সূচনা করেছে। তাঁর বক্তব্য, ১৯৭৯ সাল থেকেই ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বন্ধ করতেই মার্কিন বাহিনী অভিযান চালাচ্ছে বলেও জোর দেন তিনি।
সমাধিক্ষেত্রে হেগসেথকে প্রহরীর তিরস্কার
৮০ বছর বয়সী ট্রাম্প অজ্ঞাতনামা সৈনিকের সমাধি ‘টম্ব অব দ্য আননোন সোলজার’-এ পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন। যুক্তরাষ্ট্রের যুদ্ধে নিহত ও নিখোঁজ সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পবিত্র প্রতীক হিসেবে বিবেচিত হয় এই সমাধি।
সেনাসদস্য, সাবেক সেনা এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সামনে দেওয়া ভাষণে ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রশংসা করেন। তিনি বলেন, হেগসেথ ‘অসাধারণ কাজ করেছেন’।
তবে অনুষ্ঠানের একপর্যায়ে হেগসেথ নিজেই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন। সমাধির পাহারায় নিয়োজিত এক সেনাসদস্য তাঁকে, তাঁর স্ত্রী এবং কয়েকজন সহযোগীকে প্রকাশ্যে তিরস্কার করেন। সমাধির সামনে ছবি তোলার পর তাঁদের কয়েকজনকে হাসতে দেখা গেলে এ ঘটনা ঘটে।
দলটি সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় ওই সেনাসদস্য তাঁর টহল থামিয়ে তাঁদের দিকে মুখ করে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও শ্রদ্ধার পরিবেশ বজায় রাখতে হবে।’ এ সময় হেগসেথ ঘুরে ওই প্রহরীর দিকে তাকান।
কংগ্রেসে অভিশংসন উদ্যোগ আটকে যাওয়ার পর নতুন বিতর্ক
এর আগের দিন মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা হেগসেথকে অভিশংসনের একটি উদ্যোগ আটকে দেন। একজন বিদায়ী রিপাবলিকান আইনপ্রণেতা এ উদ্যোগ নিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ পরিচালনা এবং পেন্টাগনপ্রধান হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন হেগসেথ।
আর্লিংটনের বাইরে বিজয়-তোরণ নির্মাণের পরিকল্পনা
ভাষণে ট্রাম্প আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের ঠিক বাইরে ২৫০ ফুট উঁচু একটি বিজয়-তোরণ নির্মাণের পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, শিগগিরই এটি নির্মাণ করা হবে।
তবে মঙ্গলবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির পরিবারের সদস্যরা এ তোরণ নির্মাণ বন্ধে আদালতের দ্বারস্থ হন। তাঁদের যুক্তি, বিশাল এ স্থাপনা আর্লিংটন সমাধিক্ষেত্রে সমাহিত নিহত প্রেসিডেন্ট ও কেনেডি পরিবারের অন্য সদস্যদের কবরের দৃশ্য আড়াল করবে এবং সেখানে ছায়া ফেলবে।
এ প্রকল্পের বিরুদ্ধে একদল সাবেক সেনাসদস্য, ওয়াশিংটন নগর কর্তৃপক্ষ এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যও মামলা করেছে।
এ বছর ১১ নভেম্বর বুধবার যুক্তরাষ্ট্রে ভেটেরান্স ডে পালিত হয়। দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বছর হওয়ায় দিবসটি বিশেষ তাৎপর্য বহন করছে।

