দিল্লিতে বায়ুদূষণ ডব্লিউএইচওর সহনীয় সীমার ৬৬ গুণ, দীপাবলির রাতে তথ্য গোপনের অভিযোগ বিরোধীদের
ভারতের বিভিন্ন স্থানে বায়ুদূষণের মাত্রা এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে, তা সঠিকভাবে পরিমাপ করতে পারছে না দূষণ পর্যবেক্ষণের যন্ত্রগুলোও। চলতি সপ্তাহে বিষাক্ত ধোঁয়ার কারণে দূষণের মাত্রা যন্ত্রগুলোর সর্বোচ্চ পরিমাপসীমা ছাড়িয়ে যায়।
দেশটির সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বায়ুদূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত দৈনিক সহনীয় সীমার ৬৬ গুণে পৌঁছেছিল।
খবর বার্তা সংস্থা এএফপির।
দীপাবলির রাতে তথ্য প্রকাশ বন্ধের অভিযোগ
এমন পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা অভিযোগ করেছেন, গত রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত কয়েক ঘণ্টা ইচ্ছাকৃতভাবে বায়ুদূষণের তথ্য প্রকাশ বন্ধ রাখা হয়েছিল।
তাদের দাবি, হিন্দু ধর্মাবলম্বীদের আলোর উৎসব দীপাবলি উপলক্ষে ব্যাপক আতশবাজি পোড়ানোর কারণে যখন বায়ুদূষণ তীব্র আকার ধারণ করছিল, ঠিক তখনই সরকারি পর্যবেক্ষণকেন্দ্রগুলোর তথ্য সংগ্রহে ঘাটতি দেখা যায়।
বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর অন্যতম নয়াদিল্লি। শীত মৌসুমে যানবাহনের ধোঁয়া, কৃষিজমির ফসলের অবশিষ্টাংশ পোড়ানো এবং শিল্পকারখানার নির্গমনের কারণে শহরটির বায়ু এমনিতেই বিষাক্ত হয়ে ওঠে। এতে লাখ লাখ মানুষের জীবন ও স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে।
তবে দূষণের সবচেয়ে ভয়াবহ সময়ের তথ্য না থাকায় সরকারি পরিসংখ্যানে প্রকৃত দূষণের মাত্রা পুরোপুরি উঠে আসেনি বলে অভিযোগ উঠেছে।
সরকারের বিরুদ্ধে তথ্য কারসাজির অভিযোগ
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে আম আদমি পার্টির (এএপি) দিল্লি শাখার সভাপতি সৌরভ ভরদ্বাজ বলেন, ‘যে সরকার দীপাবলির রাতে বায়ুর মান পর্যবেক্ষণকেন্দ্রগুলো বন্ধ রাখে, যে সরকার তথ্য নিয়ে কারসাজি করে, সেই সরকারকে মানুষ কীভাবে বিশ্বাস করবে?’
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অজয় মাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘দীপাবলির রাতের পিএম২.৫-এর (অতি সূক্ষ্ম বিষাক্ত বস্তুকণা) মাত্রা যদি সরকারি নথিতে না থাকে, তাহলে ওই দূষিত বাতাসের জন্য দায় নেবে কে?’
কংগ্রেস নেতা পবন খেরাও এ বিষয়ে সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘দিল্লির মানুষ অন্তত একটি বিষয়ে নিশ্চিত থাকতে পারেন— দূষণের তথ্য উধাও হয়ে যাওয়ার অর্থ এই নয় যে, দূষণও উধাও হয়ে গেছে।’
পরিমাপসীমা ছাড়িয়ে যায় দূষণের মাত্রা
২০১৫ সালে জাতীয় বায়ুমান সূচক (এনএকিউআই) চালুর সময় যেসব বায়ুদূষণ পরিমাপক যন্ত্র স্থাপন করা হয়েছিল, সেগুলো প্রতি ঘনমিটারে সর্বোচ্চ ১ হাজার মাইক্রোগ্রাম পর্যন্ত দূষণ পরিমাপের উপযোগী করে তৈরি করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী, বাতাসে পিএম২.৫-এর দৈনিক গড় মাত্রা প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। এসব অতি সূক্ষ্ম কণা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে এবং ক্যানসারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।
মঙ্গলবার রাতে দেওয়া এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানায়, ‘স্বয়ংক্রিয় তথ্য যাচাই ব্যবস্থায় নির্ধারিত পরিমাপসীমার বাইরে থাকা ঘণ্টাভিত্তিক তথ্যকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয় না। ফলে এসব তথ্য বায়ুমানের হিসাব তৈরিতে ব্যবহার করা হয় না।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘দীপাবলির আতশবাজি পোড়ানোর মতো বিশেষ কিছু সময়ে দূষণের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে সংশ্লিষ্ট পর্যবেক্ষণকেন্দ্রের তথ্যে সাময়িক ঘাটতি দেখা দিতে পারে।’
আট ঘণ্টা পর প্রকাশ পায় দূষণের ভয়াবহ চিত্র
সোমবার ভোরে দিল্লির রাস্তাঘাট যখন বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে, তখন আতশবাজি পোড়ানোর কয়েক ঘণ্টা পরও দূষণের প্রকৃত মাত্রা জানা যায়নি। আতশবাজি পোড়ানোর তীব্রতা কমার প্রায় আট ঘণ্টা পর পর্যবেক্ষণকেন্দ্রগুলো আবার তথ্য প্রকাশ শুরু করলে দূষণের ভয়াবহ চিত্র সামনে আসে।
বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দিল্লি সরকারের একটি পর্যবেক্ষণকেন্দ্রের উপাত্তে শহরের মন্দির মার্গ এলাকায় পিএম২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ৮৭৯ মাইক্রোগ্রাম রেকর্ড করা হয়। এই মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত দৈনিক সীমার ৫৮ গুণেরও বেশি।

