শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে চিকিৎসকদের প্রভাবিত করার অভিযোগ, আনসারের হাতে আটক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার পরিচয়ে চিকিৎসকদের ওপর প্রভাব বিস্তারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন হাসপাতালে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্যরা। পরে পরিচয় যাচাই-বাছাই করে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সদস্য নন বলে নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে হাসপাতালের পুরাতন ভবনের ২০ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা যায়, আটক ব্যক্তির ছেলে মাহিদ হাসান গত ২০ সেপ্টেম্বর থেকে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় বিভিন্ন সময়ে ওই ব্যক্তি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দিয়ে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ এবং কথিত সামরিক পরিচয়ের প্রভাব খাটানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি চিকিৎসকদের নজরে এলে তারা হাসপাতালের পরিচালককে অবহিত করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় ক্যাম্প ইনচার্জ পিসি মো. খায়রুল আলমের নেতৃত্বে দায়িত্বরত আনসার সদস্যরা দ্রুত ২০ নম্বর ওয়ার্ডে গিয়ে ওই ব্যক্তিকে আটক করেন। এরপর তাকে হাসপাতাল পরিচালকের কাছে হাজির করা হয়।

পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আটক ব্যক্তির পরিচয় যাচাই করা হলে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সদস্য নন বলে নিশ্চিত হওয়া যায়। এতে ভুয়া পরিচয়ে নিজেকে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগের বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

পরিচয় যাচাই শেষে হাসপাতাল পরিচালকের নির্দেশক্রমে ওই ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের সরকারি হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অঙ্গীভূত আনসার সদস্যরা নিয়মিত নিরাপত্তা ও জনসেবামূলক দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের পাশাপাশি অনিয়ম প্রতিরোধ, প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা এবং চিকিৎসক, রোগী ও সেবাপ্রত্যাশীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সতর্কভাবে কাজ করছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন