রংপুর-লালমনিরহাট মহাসড়কের ঝুঁকিপূর্ণ ‘কলাবাড়ি মোড়’ এখন অনেকটাই নিরাপদ। দীর্ঘদিন ধরে ঘন জঙ্গলে আচ্ছাদিত ১৩৫ ডিগ্রি কোণের অন্ধ বাঁকটি ছিল দুর্ঘটনাপ্রবণ। বিপরীত দিক থেকে আসা যানবাহন দূর থেকে দেখতে না পাওয়ায় প্রায়ই সেখানে ঘটত দুর্ঘটনা। সেই ঝুঁকি কমাতে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে মহাসড়কের বিপজ্জনক বাঁকের দুই পাশের জঙ্গল পরিষ্কার করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসানের নির্দেশনা ও নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে সক্রিয়ভাবে অংশ নেন উপজেলা প্রশিক্ষক মো. নুরুজ্জামান শাহিন ও প্রশিক্ষিকা জান্নাত আরা।
অভিযানে আনসার-ভিডিপির ১০০ জন ভাতাভোগী সদস্য ও ভিডিপি সদস্য অংশ নিয়ে মহাসড়কের ঝুঁকিপূর্ণ অংশের ঘন জঙ্গল কেটে পরিষ্কার করেন। ফলে দীর্ঘদিনের ‘ব্লাইন্ড স্পট’ অনেকটাই দূর হয়েছে।
স্থানীয়দের মতে, আগে ঘন জঙ্গলের কারণে বাঁকের অপর প্রান্ত থেকে আসা যানবাহন সহজে দেখা যেত না। বর্তমানে জঙ্গল পরিষ্কার হওয়ায় চালকেরা দূর থেকেই বিপরীতমুখী যানবাহন দেখতে পারছেন। এতে নিয়ন্ত্রিত গতিতে ঝুঁকিপূর্ণ মোড়টি অতিক্রম করা সম্ভব হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও কমেছে।
কলাবাড়ি মোড়ের দীর্ঘদিনের ঝুঁকি কমায় চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয় বাসিন্দারাও আনসার-ভিডিপির এ উদ্যোগের প্রশংসা করেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, সড়কের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সময়োপযোগীভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হলে দুর্ঘটনা প্রতিরোধে তা কার্যকর ভূমিকা রাখতে পারে। কলাবাড়ি মোড়ে আনসার-ভিডিপির এ উদ্যোগ নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

