অনুসরণ করুন:
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

পোশাক রপ্তানিতে নতুন বাজার খুঁজছে বিজিবিএ, নজরে বলকান-পোল্যান্ড-রোমানিয়া

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক • বিদেশি ক্রেতা ও সদস্যদের ভিসা সহায়তা নিয়ে আলোচনা • দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগের চ্যানেল তৈরির নির্দেশ

বাংলাদেশের তৈরি পোশাক ও সোর্সিং ব্যবসার বাজার সম্প্রসারণে ইউরোপের নতুন গন্তব্যে নজর দিচ্ছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। বিশেষ করে বলকান অঞ্চলের দেশগুলোর পাশাপাশি পোল্যান্ড ও রোমানিয়ায় ব্যবসা ও সোর্সিংয়ের সুযোগ কাজে লাগানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে সংগঠনটি।

সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির সঙ্গে তার কার্যালয়ে বিজিবিএ নেতাদের এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিজিবিএর পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রেতা ও বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকদের মধ্যে সংযোগ তৈরিতে বায়িং হাউসগুলোর ভূমিকা তুলে ধরা হয়। একই সঙ্গে প্রচলিত রপ্তানি বাজারের পাশাপাশি নতুন বাজার অনুসন্ধান, নতুন ধরনের পণ্য ও বিপণন চ্যানেল তৈরি এবং আন্তর্জাতিক সোর্সিং নেটওয়ার্ক সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সংগঠনটি নতুন ব্যবসা ও উদ্যোক্তা তৈরিতে ইনকিউবেটরধর্মী সোর্সিং কমিউনিটি গড়ে তোলার বিষয়ও সামনে আনে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা, স্থানীয় উৎপাদক ও সোর্সিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও কার্যকর ব্যবসায়িক সংযোগ তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিজিবিএ সদস্য এবং বাংলাদেশে আসতে আগ্রহী বিদেশি বাণিজ্যিক ক্রেতাদের ভিসা সহায়তা সহজ করার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি বিদেশে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলরদের আরও সক্রিয় ভূমিকা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সোর্সিং ও বাণিজ্য প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা এবং বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়কে বাণিজ্য সম্প্রসারণে কাজে লাগানোর বিষয় উঠে আসে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিজিবিএকে সম্ভাবনাময় ও অগ্রাধিকারভিত্তিক দেশগুলোর একটি সুস্পষ্ট তালিকা তৈরির পরামর্শ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশ মিশনের সঙ্গে ব্যবসায়ীদের নিরবচ্ছিন্ন যোগাযোগের ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা দেন, যাতে ব্যবসায়ীরা আগেভাগে পরিকল্পনা গ্রহণ এবং প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারেন।

তিনি ক্ষুদ্র ব্যবসা ও বিনিয়োগ সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন। নতুন বাজারে প্রবেশের ক্ষেত্রে ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান যাতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা পায়, সে বিষয়টি সরকারের বাণিজ্য ও বিনিয়োগ কূটনীতিতে গুরুত্ব পাওয়ার কথা তুলে ধরা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের International Trade, Investment and Technology Wing-এর মাধ্যমে বিজিবিএর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

বাংলাদেশের তৈরি পোশাক খাতের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে দীর্ঘদিন ধরে প্রচলিত বড় বাজারের পাশাপাশি নতুন গন্তব্য তৈরির প্রয়োজনীয়তা আলোচিত হচ্ছে। এ প্রেক্ষাপটে বলকান অঞ্চল, পোল্যান্ড ও রোমানিয়ার মতো বাজারে ক্রেতা সংযোগ বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং বাংলাদেশ মিশনগুলোর বাণিজ্যিক সক্ষমতাকে কাজে লাগানোর উদ্যোগ রপ্তানি বাজার বহুমুখীকরণের প্রচেষ্টায় নতুন সুযোগ তৈরি করতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন