অনুসরণ করুন:
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে ১৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বান্দরবানের আলীকদমে হিল ভিডিপি সদস্যদের অভিযানে ১৬৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. মালেক জিয়া (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কানামেম্বার আর্মি ক্যাম্পে কর্মরত হিল ভিডিপির দুই সদস্য মো. ফরহাদ হোসেন তুতা ও মো. নূরনবী ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী মালেক জিয়াকে আটক করে তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানের পর আটক যুবককে জব্দ করা ইয়াবা ও মোটরসাইকেলসহ তাৎক্ষণিকভাবে কানামেম্বার সেনাবাহিনী ক্যাম্পে সোপর্দ করেন হিল ভিডিপি সদস্যরা। পরে সেনাবাহিনীর সদস্যরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত মালামালসহ আটক যুবককে আলীকদম থানায় হস্তান্তর করেন।

আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় হিল ভিডিপি সদস্যরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছেন। সংশ্লিষ্টরা বলছেন, দুর্গম পাহাড়ি এলাকায় মাদক চোরাচালান ও বিস্তার রোধে স্থানীয় পর্যায়ে নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলীকদমে ইয়াবাসহ যুবক আটকের ঘটনাটিকেও মাদকবিরোধী কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন