বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল

সংসদে সড়কমন্ত্রী

৩০ নভেম্বরের মধ্যে বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের পরিকল্পনা, পিয়ারের ফাটল পর্যালোচনায় যুক্ত হচ্ছে বুয়েট

মেট্রোরেল রুটের ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রার ফাটল শনাক্ত হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সড়কমন্ত্রী বলেন, সেফটি অডিট কমিটির প্রতিবেদনে মেট্রোরেল রুটের ৭৩০টি বিয়ারিং প্যাডের সবগুলোকে ক্রিটিক্যাল বলা হয়নি। এর মধ্যে ১৪৭টিতে মাইনর ত্রুটি পাওয়া গেছে। আরও ২৯৭টির ত্রুটি মূলত স্থাপন বা ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত। তবে ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপনের পরিকল্পনা

সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিয়ারিং প্যাড স্থানচ্যুতির ঝুঁকি রয়েছে—এমন ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত ২৭টি বিয়ারিং প্যাডে সেটেলমেন্ট মার্কারও বসানো হয়েছে।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের কর্মসূচি নেওয়া হয়েছে।

মেট্রোরেলের ৪৬টি পিয়ারে শনাক্ত ফাটলের ঝুঁকি নিরূপণ এবং প্রয়োজনীয় মেরামত কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি কাঠামোগত ফাটল পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ স্থাপন করা হচ্ছে।

কর্ণফুলী টানেলের ব্যয় ১০ হাজার ২৫৫ কোটি টাকা

চট্টগ্রাম-১৩ আসনের সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী জানান, কর্ণফুলী টানেল ঘিরে চিহ্নিত বিনিয়োগ সম্ভাবনাগুলো বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়ন, বিনিয়োগ ও পর্যটন সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী জানান, কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে মোট ১০ হাজার ২৫৫ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রকল্পটির নির্মাণ ও বাস্তবায়ন নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।

বিআরটিসির ১২৬ বাস অচল

অন্য প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী জানান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বর্তমানে ১ হাজার ২৯৮টি বাস ও ৫২৫টি ট্রাক রয়েছে। এর মধ্যে ১ হাজার ১৭২টি বাস সচল এবং ১২৬টি অচল। ট্রাকের মধ্যে সচল রয়েছে ৪৯৪টি, অচল ৩১টি।

ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে ১৩টি রুটে বর্তমানে ১৪টি মহিলা বা ‘পিংক বাস’ চলাচল করছে। এ সেবা দেশব্যাপী সম্প্রসারণের লক্ষ্যে আরও ১০০টি ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) আমদানির কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

নারী ও শিশু নির্যাতনের ২৭ হাজারের বেশি মামলা বিচারাধীন

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, দেশে নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত ২৭ হাজার ১৮২টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

এদিকে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংসদকে জানান, দেশে বছরে প্রায় ৮০০ কোটি মিটার বস্ত্রের চাহিদা রয়েছে। এর মধ্যে নিট ও ওভেন কাপড়ের চাহিদা প্রায় ৪০০ কোটি মিটার করে। নিট কাপড়ে প্রায় ১০ শতাংশ এবং ওভেন কাপড়ে ৬০ শতাংশ ঘাটতি রয়েছে।

তিনি আরও জানান, দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে বর্তমানে ২৬৬টি পাটকল রয়েছে। এর মধ্যে চালু রয়েছে ১৯৩টি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন