বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম পাসপোর্ট অফিসে রোহিঙ্গা পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির চেষ্টা, আটক ৫

চট্টগ্রামের ডবলমুরিং আঞ্চলিক পাসপোর্ট অফিসে পরিচয় গোপন করে জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নারী ও তিন দালালকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে আটক পাঁচজনকে জব্দ করা মালামালসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য র‍্যাব-৭-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ডবলমুরিং আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, পাসপোর্ট অফিসে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. মোশাররফ হোসেন দুই নারীর গতিবিধি সন্দেহজনক মনে করেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের রোহিঙ্গা পরিচয় স্বীকার করেন। আটক নারীরা হলেন—রহিমা খাতুন (৫৫) ও আফিফা বিবি (১৮)।

পরবর্তীতে ওই দুই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে পাসপোর্ট অফিস চত্বরে বিশেষ অভিযান পরিচালনা করেন সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যরা। অভিযানে জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট তৈরিতে সহযোগিতার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—জিতু দাস (২৮), শিবির সাদেক (২৫) ও জহির আহমেদ (৫২)। আনসারের দাবি, তারা অবৈধভাবে বাংলাদেশের নাগরিকত্ব ও পাসপোর্ট পাইয়ে দেওয়ার নামে ওই দুই নারীকে সহযোগিতা করছিলেন।

অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে তিনটি স্মার্টফোন, একটি বাটন ফোন ও নগদ ৪২ হাজার ৮৫৮ টাকা জব্দ করা হয়। পরে বিষয়টি পাসপোর্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

আনসার কর্তৃপক্ষ জানায়, পাসপোর্ট অফিসে দায়িত্ব পালনরত সদস্যদের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতার কারণে পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির কথিত চেষ্টা শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ঘটনায় পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ আনসার সদস্যদের তৎপরতার প্রশংসা করেছে।

পরে আটক দুই নারী ও তিন পুরুষসহ জব্দ করা মোবাইল ফোন ও নগদ টাকা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য র‍্যাব-৭-এর একটি দলের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

কর্তৃপক্ষের মতে, পাসপোর্ট তৈরির ক্ষেত্রে পরিচয় যাচাই ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জালিয়াতি প্রতিরোধে পাসপোর্ট অফিসগুলোতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন