রবিবার, ৩০ আগস্ট ২০২৬

রাজধানীর যানজট নিরসনে একগুচ্ছ সিদ্ধান্ত, চার মাসের মধ্যে ETC চালুর নির্দেশ

রাজধানী ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) ব্যবস্থা চালু, ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর, গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ এবং কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে রাজধানীর চলমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

টোল আদায়ে ETC ব্যবস্থা

রাজধানীর যানজট কমানো এবং টোল আদায় ব্যবস্থাকে দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ETC ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে একটি অ্যাপও উন্নয়ন করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে ETC ব্যবস্থা ও অ্যাপ উন্নয়নের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসন

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশে দীর্ঘদিনের যানজট নিরসনেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পূর্ববর্তী প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুয়েটকে বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ আগামী ১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ কার্যক্রম সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে বাস্তবায়ন করা হবে।

ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে

রাজধানীর কেন্দ্রীয় অংশে বাস ও আন্তঃজেলা যানবাহনের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে স্থায়ী বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তবে স্থায়ী প্রকল্প বাস্তবায়নে সময় লাগায় এর আগেই ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ

যানবাহন ব্যবস্থাপনা ও টার্মিনালের সক্ষমতা বাড়াতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ কাজ দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কিচেন মার্কেট সরবে গাবতলীতে

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কারওয়ান বাজারের যানজট কমাতে সেখানকার কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সচিবালয় এলাকায় পার্কিং ব্যবস্থা

সচিবালয়ের আশপাশের সড়কে যানজট কমাতে পার্কিং ব্যবস্থার উন্নয়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প পার্কিংয়ের স্থান চিহ্নিত করতে বলা হয়েছে।

অটোরিকশার জন্য পৃথক নীতিমালা

ঢাকা শহরে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবদ্ধ করতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন