শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরে কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন রোববার

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করতে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু হচ্ছে। ডেনমার্কের সহযোগিতায় নির্মিতব্য লালদিয়া কনটেইনার টার্মিনালের আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল রোববার।

শনিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এ উপলক্ষে আগামীকাল রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া প্রজেক্ট সাইটে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। 

মন্ত্রণালয় জানায়, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। ক্রমবর্ধমান বৈদেশিক বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বন্দরের সক্ষমতা বাড়ানো, কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে গতি আনা এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।  

আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে এ টার্মিনাল দেশের সমুদ্রবন্দর ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে সরকার। এর ফলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল হওয়ার পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস খাতের সক্ষমতাও বাড়বে।  

ডেনমার্কের সহযোগিতায় নির্মিতব্য টার্মিনালটি চট্টগ্রাম বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, কনটেইনার পরিবহন ও হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এর মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের বন্দর ও নৌপরিবহন অবকাঠামোর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এ ধারাবাহিকতার এক গুরুত্বপূর্ণ সংযোজন।  


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন