রবিবার, ২৩ আগস্ট ২০২৬

আরমানিটোলায় নির্মাণাধীন ভবনে ৩ কোটি ৬৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬৩ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে ওই এলাকার একটি সন্দেহজনক নির্মাণাধীন ভবনে তল্লাশি চালানো হয়। সেখানে মজুত অবস্থায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। পরে সেখান থেকে প্রায় ২৪ হাজার ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

কোস্ট গার্ডের হিসাবে জব্দ করা এসব পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬৩ লাখ টাকা।

মালিককে না পাওয়ায় আটক হয়নি কেউ

অভিযানের সময় জব্দ করা পলিথিনের প্রকৃত মালিককে শনাক্ত বা ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জব্দ করা পলিথিনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন