মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে কর্মকর্তাদের দাবি, বড় হামলার সক্ষমতা রয়েছে তেহরানের
কয়েক দফা হামলার শিকার হওয়ার পরও ইরানের অস্ত্রাগারে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে দেশটির কর্মকর্তারা শনিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে এ তথ্য জানিয়েছেন। তাঁদের মতে, সর্বনিম্ন হিসাব ধরলেও যুদ্ধ শুরুর আগে ইরানের মোট ক্ষেপণাস্ত্রের মজুতের অর্ধেকের বেশি এখনো অবশিষ্ট রয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানান, সংরক্ষিত এবং তাৎক্ষণিক উৎক্ষেপণের জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্রের সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন। তবে যেকোনো সময় বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা তেহরানের এখনো রয়েছে বলে মনে করছেন তাঁরা।
ইরানের সামরিক সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা
কিংস কলেজ লন্ডনের ভিজিটিং রিসার্চ ফেলো এবং সিআইএর সাবেক ইরানবিষয়ক বিশ্লেষক জিম ল্যামসন দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, যুদ্ধের আগেও ইরানের প্রকৃত সামরিক সক্ষমতা নির্ভুলভাবে অনুমান করা অত্যন্ত জটিল ছিল।
তিনি বলেন, ‘সরকারের হয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি জানি, সব ধরনের গোপন ও স্পর্শকাতর তথ্য হাতে থাকার পরও এসব অনুমানের যথার্থতা নিশ্চিত করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে।’
মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইরান তাদের সামরিক সক্ষমতার বড় একটি অংশ দ্রুত পুনরুদ্ধার করে নেওয়ায় বিষয়টি নতুন করে ভাবাচ্ছে ওয়াশিংটনকে। বিশেষ করে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে আরও হামলা চালানো হবে কি না, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণেও এসব তথ্য প্রভাব ফেলছে।
প্রতি মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা
এদিকে গত সপ্তাহে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, সাম্প্রতিক যুদ্ধে উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান এখনো প্রতি মাসে প্রায় ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম বলে এক গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে।
কিংস কলেজ লন্ডনের ডিপার্টমেন্ট অব ওয়ার স্টাডিজের ফেলো জিম ল্যামসন ব্লুমবার্গকে বলেন, ইরানের অস্ত্রাগারে এখনো কয়েক হাজার শাহেদ ঘরানার বিধ্বংসী ড্রোন ও অস্ত্র থাকতে পারে।

