সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শৈশবে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড

জাওয়াদ কুরাইরিসের মৃত্যুদণ্ড নিয়ে মানবাধিকার সংস্থার নিন্দা

শৈশবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আটক জাওয়াদ কুরাইরিসের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। একই দিনে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের শিয়া সম্প্রদায়ের আরেক নাগরিক ফাদেল বিন হাসান বিন আবদুল্লাহ আল-সাফওয়ানিরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করে।

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ

এসপিএর বিবৃতি অনুযায়ী, দেশটির বিশেষায়িত ফৌজদারি আদালতে মামলাটির বিচার সম্পন্ন হয়। আদালতে অপরাধের দায় প্রতিষ্ঠিত হওয়ার পর সুপ্রিম কোর্ট রায় বহাল রাখেন। পরে রাজকীয় ফরমানের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দেওয়া হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, অভিযুক্ত দুজন ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, অস্ত্র ও বিস্ফোরক দিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও গাড়িতে হামলা, তাজা গুলি নিজেদের হেফাজতে রাখা এবং সৌদি আরবের অভ্যন্তরে বিভিন্ন অভিযানে আর্থিক ও লজিস্টিক সহায়তা দেওয়ার অভিযোগ ছিল।

১৪-১৫ বছর বয়সে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ

জাওয়াদ কুরাইরিস সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি প্রভাবশালী শিয়া পরিবারের সন্তান। ২০১১-১২ সালে ‘আরব বসন্ত’-এর সময় সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৪ থেকে ১৫ বছর। শিশু অবস্থাতেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

পরবর্তী সময়ে ২০২০ সালের ডিসেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে লোকজনকে সংগঠিত করা এবং বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে।

কুরাইরিসের পরিবারের অভিযোগ, শারীরিক নির্যাতন চালিয়ে তাঁর কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। প্রাণঘাতী নয়, এমন কিছু কর্মকাণ্ডের দায়ও তাঁকে স্বীকার করতে বাধ্য করা হয়। পরে সেই স্বীকারোক্তির ভিত্তিতেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।

পরিবারের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দীর্ঘ সংঘাত

কুরাইরিসের পরিবারের সঙ্গে সৌদি নিরাপত্তা বাহিনীর দীর্ঘদিনের সংঘাতের ইতিহাস রয়েছে। অতীতে নিরাপত্তা বাহিনীর হাতে তাঁর এক ভাই নিহত হন। আরেক ভাইকে ১৩ বছর বয়সে গ্রেপ্তার করা হয়। মাত্র ৯ বছর বয়সে কিছু অপরাধ করার অভিযোগে তাঁর বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের মামলা করা হয়েছিল।

মৃত্যুদণ্ডবিরোধী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘রিপ্রিভ’ জানিয়েছে, ২০২৫ সালের আগস্ট থেকে সৌদি আরব এমন পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনার সময় তাঁরা শিশু ছিলেন। তাঁরা সবাই দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের শিয়া পরিবারের সদস্য। ২০১১-১২ সালের আরব বসন্তের সময় এবং পরবর্তী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মানবাধিকার সংস্থার তীব্র নিন্দা

জাওয়াদ কুরাইরিসের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রিপ্রিভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক মৃত্যুদণ্ড প্রকল্পের প্রধান জিদ বাসিউনি।

তিনি বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ‘ভিন্নমত প্রকাশের শাস্তি মৃত্যুদণ্ড’। গত দুই বছরে শিশুদেরও এ শাস্তি দেওয়ার ঘটনা স্পষ্টভাবে দেখা গেছে।

বাসিউনি আরও বলেন, শিশু অবস্থায় বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সম্প্রতি যেসব তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাঁদের অন্য চারজনের মতো জাওয়াদকেও নির্যাতন করা হয়েছিল। নির্যাতনের মুখে তাঁকে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়। এরপর গোপনে তাঁর বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

বাসিউনির অভিযোগ, যুবরাজ জাওয়াদের পরিবার এবং তাঁর শাসনক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা অন্য পরিবারগুলোর বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন। রাজনৈতিক বিরোধীদের দমন ও ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার হাতিয়ার হিসেবে সৌদি সরকার মৃত্যুদণ্ড ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।

সৌদি আরবের আন্তর্জাতিক অংশীদারদের এ ঘটনা নীরবে মেনে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বাসিউনি। একই সঙ্গে ইউসুফ আল-মানাসিফের সম্ভাব্য মৃত্যুদণ্ড ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

শিয়া-অধ্যুষিত পূর্বাঞ্চলে দমন-পীড়নের অভিযোগ

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দেশটির বিশাল তেলের মজুত রয়েছে। অঞ্চলটি দীর্ঘদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভের কেন্দ্র হিসেবে পরিচিত। শিয়া-অধ্যুষিত এ অঞ্চলের মানুষের ওপর সৌদি সরকার দীর্ঘদিন ধরে দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন